


বেঙ্গালুরু: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে কর্ণাটকের বিদরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। বিষ্ণু নামে ২৭ বছর বয়সি ওই যুবক মহারাষ্ট্রের নানদেদ জেলার বাসিন্দা। ওই যুবকের সঙ্গে বিদর জেলার নগনপল্লি গ্রামের এক বিবাহিতা যুবতীর সম্পর্ক ছিল। সেই রাগেই মহিলার বাড়ির সদস্যরা যুবককে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। পরে পুলিশ এসে বিষ্ণুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর চিনতাকি থানায় অভিযোগ দায়ের করেন বিষ্ণুর মা। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবতীর বাবা ও দাদাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষ্ণুর মা লক্ষ্মী জানিয়েছেন, গত এক বছর ধরেই পূজা নামে ওই যুবতীর সঙ্গে ছেলের সম্পর্ক ছিল। পূজার একটি সন্তানও রয়েছে। বিষ্ণুর সঙ্গে থাকার জন্য স্বামীকে ছেড়ে চলে আসেন ওই যুবতী। দুজনের সম্পর্কের কথা পূজার পরিবারও জানত। কিন্তু মাস তিনেক আগে পূজা নিজের বাড়িতে ফিরে যান। গত মঙ্গলবার দুই সঙ্গীকে নিয়ে যুবতীর সঙ্গে দেখা করতে যান বিষ্ণু। সেই সময় যুবতীর বাবা অশোক ও ভাই গজাননের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। বিষ্ণু পূজার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে বলে তাঁকে মারধর করা হয়। বিভিন্ন ভিডিওয় দেখা গিয়েছে, বিষ্ণুকে একটি পোস্টে বেঁধে নির্যাতন চালাচ্ছে অশোক ও গজানন। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।