Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহানগরের দুই নামী স্কুলে বিস্ফোরণের হুমকি-মেল, তল্লাশিতে মিলল না কিছুই, পুলিসের নজরে প্রক্সি সার্ভার

বুধবার বেলা দুটোর সময় বোমায় উড়িয়ে দেওয়া হবে স্কুল।

মহানগরের দুই নামী স্কুলে বিস্ফোরণের হুমকি-মেল, তল্লাশিতে মিলল না কিছুই, পুলিসের নজরে প্রক্সি সার্ভার
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বেলা দুটোর সময় বোমায় উড়িয়ে দেওয়া হবে স্কুল। শহরের দুই প্রান্তে দুই বেসরকারি স্কুল—ক্যালকাটা বয়েজ ও ক্যালকাটা ইন্টারন্যাশনালে এহেন ইমেল আসাকে ঘিরে তুমুল আলোড়ন শুরু হয়। স্কুলে তড়িঘড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। বম্ব ডিটেকশন ও ডিজপোজাল স্কোয়াডকে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। লালবাজার থেকে স্নিফার ডগ এনে খানাতল্লাশি চালিয়েও কিছু মেলেনি। কে বা কারা এই মেল পাঠিয়েছিল, ডিজিটাল ফুট প্রিন্ট থেকে তা বের করার চেষ্টা হচ্ছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ওই স্কুল দুটির প্রশাসনিক আধিকারিকরা বুধবার সকালে মেল চেক করতে গিয়ে দেখেন, অজ্ঞাতপরিচয় আইডি থেকে একটি ইমেল বার্তা এসেছে। তাতে ইংরেজিতে লেখা রয়েছে, স্কুলের ভিতর বোমা রাখা আছে। রিমোট কন্ট্রোল দিয়ে দুপুর দুটোর সময় স্কুল উড়িয়ে দেওয়া হবে। তবে কোনও সংগঠনের কথা উল্লেখ ছিল না মেলে। তখন সবে ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছেন। স্কুল দুটির একটি আনন্দপুর থানা ও অন্যটি তালতলা থানা এলাকার মধ্যে রয়েছে। প্রশাসনিক অফিসের আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তাদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে  স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। দুটি থানাকে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গেই আসেন থানার অফিসাররা। ওই মেল ভালো করে দেখার পর খবর দেওয়া হয় লালবাজারের বম্ব ডিটেকশন ও ডিজপোজাল স্কোয়াডে। পুলিস কুকুর নিয়ে এসে স্কুলের প্রতিটি তলা তন্ন তন্ন করে খোঁজা হয়। কিন্তু কিছুই পাওয়া যায়নি। দুটো পর্যন্ত পুলিস ওই স্কুল দুটিতে ছিল। তারপর ফিরে যায় টিম। গত এপ্রিল মাসেও শেক্সপিয়র সরণি থানা এলাকায় একটি স্কুলে এহেন ইমেলকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। 
তদন্তে নেমে পুলিসের অনুমান, যে বা যারা এই মেল পাঠিয়েছে, তারা স্কুলে প্রশাসনিক বিভাগের মেল আইডি জানত। সেটি যে সকালে খোলা হয়, এই বিষয়েও ওয়াকিবহাল ছিল। যে কারণে ভোর রাতে এই মেল পাঠিয়ে রেখেছিল। যাতে সকালেই সেটি নজরে আসে। প্রাথমিকভাবে পুলিস জেনেছে, মেল পাঠানো হয়েছে প্রক্সি সার্ভার ব্যবহার করে। সার্ভার বাউন্স করিয়ে মেলটি আসায় এর উৎসস্থল জানতে কালঘাম ছুটছে পুলিসের। প্রক্সি সার্ভারটি  বিদেশি বলে দেখালেও, আসলে এটি কলকাতার বলে তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। সার্ভারের সূত্র ধরে আইপি অ্যাড্রেস চিহ্নিত করে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিস। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ