


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৭টা। বিকট শব্দে কেঁপে ওঠে দুবরাজপুরের যশপুর এলাকা। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, যশপুর উপ স্বাস্থ্যকেন্দ্রের পাঁচিলের একাংশ ধুলোয় মিশেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো আর পোড়া সুতলি। বারুদের গন্ধও ছিল। কিন্তু, শনিবার সকালে সেসবের চিহ্নমাত্র চিহ্ন ছিল না। বাসিন্দারা দেখলেন, যেখানে ধ্বংসস্তূপ থাকার কথা সেখানে দাঁড়িয়ে আছে ঝকঝকে নতুন দেওয়াল। রাতের অন্ধকারে কেউ বা কারা ভেঙে যাওয়া পাঁচিল গেঁথে তাতে রংও বুলিয়ে দিয়েছে। তথ্যপ্রমাণ লোপাটে এই ‘তৎপরতা’ ঘিরেই এখন তোলপাড় এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপস্বাস্থ্য কেন্দ্রটি সচল থাকলেও যেদিকে বিস্ফোরণ ঘটেছে সেই বিল্ডিংটি পরিত্যক্ত। অভিযোগ, ওই পরিত্যক্ত অংশটিকেই নিরাপদ আস্তানা বানিয়ে প্রচুর বোমা মজুত করা হয়েছিল। বীরভূমের মাটিতে বিস্ফোরণ নতুন ঘটনা না হলেও পুলিশে খবর দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রমাণ মুছে ফেলার এই কৌশল নজিরবিহীন। শনিবার সকালে এলাকায় গিয়ে বিস্ফোরণের চিহ্নমাত্র দেখা যায়নি। স্থানীয় বাসিন্দাদেরও চক্ষু চড়কগাছ। যে পাঁচিল কয়েক ঘণ্টা আগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেখানে এখন দাঁড়িয়ে ঝকঝকে নতুন দেওয়াল। এমনকি নতুন রংও দেওয়া হয়েছে। যেন সেখানে কোনো অঘটনই ঘটেনি।
স্থানীয় বাসিন্দা শেখ আজিজুল বলেন, শুক্রবার সন্ধ্যায় বাইক নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনি। গিয়ে দেখি বোমা বিস্ফোরণ হয়েছে। পাঁচিল ভেঙে পড়েছে। পাশে কেউ ছিল না। থাকলে বড় বিপদ হতে পারত। পাশেই স্কুল থাকায় আতঙ্ক আরও বেশি। দিনের আলোয় এই ঘটনা ঘটলে পড়ুয়াদের প্রাণহানির আশঙ্কাও ছিল বলে জানান বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জেলা বিজেপির অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস কায়েম করতে শাসকদলই বোমা মজুত করেছিল। দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বলেন, সামনে নির্বাচন, তাই বোমা-বারুদ মজুত করে অশান্তি পাকাতে চাইছে তৃণমূল। পুলিশ-প্রশাসন তথ্যপ্রমাণ লোপাটে সরাসরি মদত দিচ্ছে। পাল্টা যশপুর পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা পরিমল সাউ বলেন, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। এটা দুষ্কৃতীদের কাজ। কারা রাতারাতি পাঁচিল তুলল বা রং করল, তা আমার জানা নেই। পুলিশ তদন্ত করে দেখুক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এক পুলিশ আধিকারিক বলেন, কী ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।
• নিজস্ব চিত্র