লস এঞ্জেলস (পিটিআই): ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে তিনজনের মৃত্যু হল। শুক্রবার সকাল ঘটনা ঘটেছে আমেরিকার লস এঞ্জেলস শহরে। এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ কাউন্টি শেরিফের দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। প্রশাসনিক সূত্র উল্লেখ করে পিটিআই জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পার্কিং লট। সেখানেই ছিল শেরিফের দপ্তরের একাধিক গাড়ি ও ট্রাক। মৃতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি কাউন্টি শেরিফের দপ্তর। তবে এখনই নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিতে চাইছে না ওয়াকিবহাল মহল। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত জারি রয়েছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, ‘অ্যাটর্নির দপ্তর থেকে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।’ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন লস এঞ্জেলস কাউন্টি বোর্ডের চেয়ারপার্সন ক্যাথরিন বার্জার। তিনি বলেন, ‘পরিস্থিতির উপর নজর রাখছি। এই কঠিন সময়ে শেরিফের দপ্তরের প্রত্যেক কর্মীর পাশে আছি।’ সম্প্রতি ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল লস এঞ্জেলস। বেশ কয়েকদিন ধরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয় পুলিস। পরবর্তীতে বাধ্য হয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করে ট্রাম্প প্রশাসন। তা হলে কি ফের সন্ত্রাসের শিকার হল আমেরিকা? প্রশ্ন থেকেই যাচ্ছে।



