নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল অর্থাৎ বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট পর্ব মিটেছে। তারপরই আজ, বৃহস্পতিবার বুথফেরত সমীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বুথফেরত একাধিক সমীক্ষায় বিজেপির জয়ের ইঙ্গিত মিলেছে। কিন্তু সেই দাবিকে কার্যত হেলায় উড়িয়ে মমতা দাবি করেন, টাকার বিনিময়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষা দেখাতে বাধ্য করেছে গেরুয়া শিবির। দৃঢ় কন্ঠে মুখ্যমন্ত্রী জানান, ২০২৬ বিধানসভা নির্বাচনে ২২৬টি-রও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এগজিট পোলকে সরাসরি বিজেপির চক্রান্ত বলেও তোপ দেগেছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে বলেও অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এটা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেছেন। এদিন মমতা বলেন, আমি আপনাদের জানাতে চাই যেটা টিভিতে দেখানো হচ্ছে সেটা গতকাল দুপুর ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে জারি করা সার্কুলার। সংবাদমাধ্যমকে টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখানোর জন্য। কার্যত জোর করেই সংবাদমাধ্যমকে এটা করার জন্য বাধ্য করা হয়েছে। এই বুথফেরত সমীক্ষার মাধ্যমে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকী শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা ঠেকাতেই বিজেপির এই ছক বলেও দাবি করেছেন মমতা।



