পাটনা: সকালে বিহার পুলিশের নিয়োগ পরীক্ষা। তাই আগের দিন রাতেই ট্রেন ধরতে পাটলিপুত্র স্টেশনে হাজির হয়েছিলেন কয়েকশো চাকরিপ্রার্থী। অভিযোগ, পর্যাপ্ত ট্রেন ছিল না। এমনকী দেরিতেও আসে ট্রেন। এরপরই শনিবার মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নিল বিহারের পাটনার পাটলিপুত্র স্টেশন। লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে পরীক্ষার্থীরা। একের পর এক স্লোগান ওঠে। স্টেশনে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি সতর্ক করতে শূন্যে গুলি ছোড়া হয়। আর সেইসময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীদের একাংশ। এর জেরে জখম হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। ব্যাহত হয় ট্রেন চলাচলও। প্রশাসনের একাংশের দাবি, বিক্ষোভকারীদের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে গিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করেছে। তবে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে ভোজপুর, সাহারসা সহ একাধিক জেলার পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, সবাই পরীক্ষার কথা জানত। তারপরও পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করা হয়নি। স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ট্রেন মেলেনি।



