বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য রাজ্যে সরাসরি কোনও প্রভাব না পড়লেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর সেই কারণেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গ থেকে শহরেও আগামী কাল, মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, সোমবার সকালে শহরে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। যার ফলে কমেছে তাপমাত্রা। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, সোমবার শহরের আকাশ থাকবে মেঘলা। কয়েক দফায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০৫.৫ মিমি বৃষ্টি হয়েছে।



