নিম্নচাপ কেটে গিয়েছে। যদিও শহরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাপমাত্রা বেড়েছে অনেকটাই। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, শনিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। হাল্কা কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে ৩২.৬ মিমি বৃষ্টি হয়েছে। তবে আগামী ২৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ শহরে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। সেই কারণেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।



