নিজস্ব প্রতিনিধি, বারাসত: এটিএম কাউন্টারে পড়েছিল বান্ডিল করে নগদ ১০ হাজার টাকা। সেই টাকা নিজে না নিয়ে থানায় গিয়ে পুলিসের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন অশোকনগরের বাসিন্দা সমীর পাঠক। পেশায় তিনি ব্যবসায়ী। জানা গিয়েছে, শনিবার একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে সমীর দেখেন, ৫০০ টাকার নোটের বান্ডিল পড়ে রয়েছে মেশিনে। তা দেখে সমীর কাউন্টার থেকে বেরিয়ে চারিপাশে দেখেন, কেউ ভুলে টাকা রেখে গিয়েছেন কি না! কিন্তু তখন ফাঁকা চারপাশ। ফের কাউন্টারে ঢুকে তিনি গুনে দেখেন, মোট ১০ হাজার টাকা রয়েছে। এরপর এটিএমে পড়ে থাকা ওই টাকা তুলে হাজির হন অশোকনগর থানায়। পুলিসের কাছে সব কিছু বলেন তিনি। তাঁকে পুলিস বলে, লিখিত দিয়ে টাকা জমা রেখে যেতে। উপযুক্ত প্রমাণ দিলে এই টাকার মালিককে তা ফিরিয়ে দেওয়া হবে। সমীর বলেন, কেউ হয় তো পড়াশোনা বা চিকিৎসার জন্য এই টাকা তুলেও ফেলে রেখে চলে গিয়েছেন। এখন গোটা বিষয়টি পুলিস দেখছে।



