Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইপিএল চ্যাম্পিয়ন আর্সেনাল

মঙ্গলবার সকালেই প্রস্তুতি সেরে রেখেছিল আর্সেনালের ফুটবলাররা। তবু সন্ধ্যায় লন্ডন কলোনির ট্রেনিং গ্রাউন্ডে ফিরে আসেন সাকা, হাভার্ট, ওয়াইটরা।

ইপিএল চ্যাম্পিয়ন আর্সেনাল
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: মঙ্গলবার সকালেই প্রস্তুতি সেরে রেখেছিল আর্সেনালের ফুটবলাররা। তবু সন্ধ্যায় লন্ডন কলোনির ট্রেনিং গ্রাউন্ডে ফিরে আসেন সাকা, হাভার্ট, ওয়াইটরা। এবার গা ঘামাতে নয়, বোর্নমাউথ-ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ দেখতে। কারণ, পেপের দল হোঁচট খেলেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গানাররা। আর সেটাই ঘটল। ঘরের মাঠে সিটিজেনদের ১-১ গোলে রুখে দিল বোর্নমাউথ। সেই সঙ্গে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটল গানারদের! ২০০৩-০৪ মরশুমের পর ফের প্রিমিয়ার লিগে রাজা আর্সেনাল। রেফারির শেষ বাঁজি বাজতেই কলোনি ট্রেনিং গ্রাউন্ডে বাঁধনছাড়া উল্লাসে মাতলেন ভিক্টর, সাকারা। সেখানেই তাঁরা ক্ষান্ত হননি। পরে সমর্থকদের সঙ্গে এমিরেটস স্টেডিয়ামেও ভোর পাঁচটা পর্যন্ত চলে উত্সব। 

Advertisement

গতবারও লিগ জেতার সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু মিকেল আর্তেতার দলের মুখের গ্রাস কেড়ে নেয় ম্যান সিটি। এবারও খেতাবি লড়াইয়ে গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল পেপের দল। তবে ট্রফির আশা জিইয়ে রাখতে মঙ্গলবার তাদের জিততেই হতো। কিন্তু ৩৮ মিনিটে জুনিয়র ক্রোপির গোলে হোম টিম লিড নিতেই চাপে পড়ে যায় সিটিজেনরা। এরপর সংযোজিত সময়ে আর্লিং হালান্ড সমতা ফেরান। বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি। ফলে স্বপ্নভঙ্গ ঘটে রড্রি-ডোনারুম্মাদের। কারণ এই ড্রয়ের পর ৩৭ ম্যাচে ম্যান সিটির সংগ্রহ ৭৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্টে এগিয়ে আর্সেনাল। দু’দলেরই একটা করে ম্যাচ বাকি। তাতে আর্সেনাল হারলেও সিটিজেনদের আর সুযোগ নেই। ম্যান সিটির কোচ হিসেবে পেপেরও এটা শেষ ম্যাচ ছিল। হতাশা নিয়েই মাঠ ছাড়লেন তিনি। তবে সাংবাদিক সম্মেলনে তাঁর একসময়ের সহকারী তথা আর্সেনালের কোচ মিকেল আর্তেতাকে অভিনন্দন জানাতে ভোলেননি গুয়ার্দিওলা।

Advertisement
সম্পর্কিত সংবাদ