Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

তিন দিনেই নিষ্পত্তি ইপিএফ অটোক্লেমের, সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল কেন্দ্র

কর্মী পিএফের (ইপিএফ) অটো-সেটলমেন্ট ক্লেমের নির্ধারিত সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর পরিমাণ এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)।

তিন দিনেই নিষ্পত্তি ইপিএফ অটোক্লেমের, সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল কেন্দ্র
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মী পিএফের (ইপিএফ) অটো-সেটলমেন্ট ক্লেমের নির্ধারিত সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর পরিমাণ এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। মঙ্গলবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ইপিএফের যে-কোনও অ্যাডভান্স ক্লেমের অটো-সেটলমেন্টের অর্থ, অগ্রিম টাকা তোলার আবেদন জানানোর ৭২ ঘণ্টা কিংবা তিনদিনের মধ্যে তা অনুমোদিত হয়ে যাবে এবং সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়বে। এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতেই হয়। অর্থাৎ, কোনওরকম ‘হিউম্যান ইনভলভমেন্ট’ থাকে না। ফলে পুরো প্রক্রিয়াই অনেক দ্রুত সম্পন্ন হয়। 

Advertisement

ইপিএফও জানিয়েছে, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম অ্যাডভান্স ক্লেমের অটো-সেটলমেন্ট প্রক্রিয়া চালু করা হয়। প্রধানত কোভিড মহামারির সময় যাতে সাধারণ মানুষ চটজলদি পিএফ অ্যাকাউন্ট থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা চালু হয়েছিল। সেইসময় শুধুমাত্র অসুস্থতার জন্যই এই অটো-সেটলমেন্ট প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। 
সেইসময় এর নির্ধারিত সীমা ছিল ৫০ হাজার টাকা। পরবর্তী ক্ষেত্রে তা বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়। এবার ওই পরিমাণই আরও পাঁচ গুণ বৃদ্ধি করা হল। ইপিএফও জানিয়েছে, প্রথমে অসুস্থতার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছিল ঠিকই। কিন্তু পরে অটো-ক্লেম সেটলমেন্ট পরিষেবা শিক্ষা, বিবাহ এবং গৃহাদির জন্যও চালু করা হয়। অর্থাৎ, শিক্ষা, বিবাহ কিংবা ঘরবাড়ি নির্মাণের জন্য কেউ নিজের কর্মী পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলার আবেদন করলে তা অটো-মোড পদ্ধতিতে তিনদিনের মধ্যেই অনুমোদিত হয়ে যাবে। ইপিএফও জানিয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরে অটো-ক্লেম সেটলমেন্টের পরিমাণ ছিল ৮৯ লক্ষ ৫২ হাজার। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২ কোটি ৩২ লক্ষ।

সম্পর্কিত সংবাদ