Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এনকেডিএ-র বিরুদ্ধে স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ!  তথ্য প্রকাশের নির্দেশ হাইকোর্টের

এনকেডিএ-র বিরুদ্ধে স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ!  তথ্য প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ’র বিরুদ্ধে হকার উচ্ছেদের পর পুনর্বাসনের নামে দুর্নীতির অভিযোগে মামলা হল হাইকোর্টে। নিউটাউনের ইউনিটেক-২ এলাকা থেকে হকারদের উচ্ছেদের পর তাঁদের টিসিএস, গীতাঞ্জলির কাছে একটি জমিতে পুনর্বাসন দেওয়ার কথা ছিল এনকেডিএ’র। অভিযোগ, ওই জমিতে নতুন স্টল নির্মাণ করা হয়েছে এবং সেইসব স্টল প্রকৃত হকারদের না দিয়ে শাসকদলের ঘনিষ্ঠদের বিলি করা হচ্ছে। এমনই অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নুর ইসলাম মোল্লা সহ ন’জন হকার। 
Advertisement
সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে তাঁদের আইনজীবী শামিম আহমেদ দাবি করেন, ‘সার্ভের ভিত্তিতে যোগ্য হকারদের নবনির্মিত স্টলগুলি বিলি করার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। যাঁরা কোনওদিন ইউনিটেক-২ এলাকায় হকারি করেননি, এমন ব্যক্তিদের স্টল বিলি করা হচ্ছে। আমার মক্কেল ইউনিটেক-২ এলাকায় ১৬ বছর ধরে হকারি করছেন। তাঁকে নতুন জায়গায় ১০৩ নম্বর স্টল দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অন্য ব্যক্তি সেই স্টল দখল করে নিয়েছেন। প্রশ্ন করলে তিনি বলছেন, এনকেডিএ তাঁকে এই স্টল বিলি করেছে।’ মামলাকারীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে এনকেডিএ’র আইনজীবী অভ্রতোষ মজুমদার পাল্টা দাবি করেন, সার্ভে করে স্টল বিলি করা হয়েছে। সেই সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর এক নির্দেশে বিচারপতি সিনহা জানান, কাদের স্টল দেওয়া হয়েছে, সেই পূর্ণাঙ্গ তথ্য এনকেডিএ-কে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তা দেখে পরবর্তী নির্দেশ দেবে আদালত। ৭ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। 
সম্পর্কিত সংবাদ