Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বুমরাহকে নিয়ে চিন্তায় ইংল্যান্ড

আকাশদীপ ও মহম্মদ সিরাজ মিলে এজবাস্টন টেস্টে নিয়েছেন ১৭ উইকেট

বুমরাহকে নিয়ে চিন্তায় ইংল্যান্ড
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: আকাশদীপ ও মহম্মদ সিরাজ মিলে এজবাস্টন টেস্টে নিয়েছেন ১৭ উইকেট। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পেসারদের চেয়ে বেশি কার্যকরী দেখিয়েছে তাঁদের। তার উপর লর্ডস টেস্টে খেলবেন যশপ্রীত বুমরাহ। ফলে ভারতীয় পেস আক্রমণ নিয়ে রীতিমতো চিন্তায় ইংল্যান্ড শিবির। কোচ ব্রেন্ডন ম্যাকালাম তা স্বীকারও করেছেন। তিনি বলেন, ‘বুমরাহ ফিরছে পরের টেস্টে। আমাদের তাই পুরোপুরি তৈরি থাকতে হবে। কীভাবে খেলব ওকে, সেই পরিকল্পনা খুবই জরুরি। যথাযথ প্রস্তুতি নিতে হবে।’ ইংরেজ অধিনায়ক বেন স্টোকসও একই সুরে গলা মিলিয়েছেন, ‘অতীতে আমরা অনেকবারই মুখোমুখি হয়েছি। জানি, ওর বিরুদ্ধে ব্যাট করা কতটা কঠিন। ট্রেনিংয়ে সেজন্যই ওর জন্য আলাদা প্রস্তুতি নেব আমরা। তবে নেটে যতই ঘাম ঝরানো হোক না কেন, ম্যাচের পরিস্থিতি একেবারেই অন্যরকম।’ এতেই পরিষ্কার, ‘বুমবুম’কে নিয়ে রীতিমতো টেনশনের মধ্যে রয়েছে হোমটিম।

Advertisement

লর্ডস টেস্টের জন্য দলে বাড়তি পেসার হিসেবে গাস অ্যাটকিনসনকে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। এজবাস্টন টেস্টে ক্রিস ওকস, জস টংয়ের পারফরম্যান্স একেবারেই সাদামাটা। একমাত্র ব্রাইডন কার্স কিছুটা ভরসা দিয়েছেন। এই পরিস্থিতিতে পেস আক্রমণে জোড়া পরিবর্তন দেখা যেতে পারে। জোফ্রা আর্চারের খেলা কার্যত নিশ্চিত। পাশাপাশি সুযোগ পেতে পারেন অ্যাটকিনসন। অনেকে বলছেন, অফস্পিনার শোয়েব বশিরকে বসানোর কথাও। সেক্ষেত্রে জো রুটকে অবশ্য স্পিনার হিসেবে হাত ঘোরাতে হবে। মোদ্দা কথা, প্রথম এগারো নিয়ে ধন্ধে স্টোকস-ম্যাকালামরা। বিশেষজ্ঞদের মতে, সদ্যসমাপ্ত টেস্টে বাজবলকে বিদায় জানিয়ে ম্যাচ বাঁচানোর জন্য ব্যাট করতে হয়েছে ইংল্যান্ডকে। তাতেই স্পষ্ট, গিলদের সামনে কতটা চাপে রয়েছেন স্টোকসরা।

সম্পর্কিত সংবাদ