নিউ জার্সি: প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড়ো জয়! সঙ্গেসঙ্গে ব্রিটিশ ট্যাবলয়েডে হ্যারি কেনদের নিয়ে বীরপুজো শুরু। এমন ভাব, ট্রফি আসা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু, বিশ্বকাপের মঞ্চে প্রতিটি রাউন্ডে সমীকরণ বদলায়। দ্বিতীয় ম্যাচেই ঘানা তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে টমাস টুচেলের দলকে। আফ্রিকার দলটির কাছে গোলশূন্য ড্রয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যমগুলিরও মুখ চুন। এমন পরিস্থিতি শনিবার ভারতীয় সময় রাত ২-৩০ মিনিটে পানামার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপের দুর্বলতম দলের বিরুদ্ধে বড়ো ব্যবধানে জিততে চায় টুচেল-ব্রিগেড। কারণ, পচা শামুকে পা কাটলে বিপদে পড়বেন কেনরা। আপাতত ২ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৪। ঘানার সংগ্রহও ৪ পয়েন্ট। শেষ ম্যাচে তাদের সামনে ক্রোয়েশিয়া। লুকা মডরিচরা জিতলে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত।



