Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম একাদশ জানাল ইংল্যান্ড, অনুশীলনে চনমনে বুমরাহ, দলের স্বার্থে গিল চার নম্বরে নামবে: ঋষভ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু শুক্রবার। আগেভাগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছে আয়োজক দেশ।

প্রথম একাদশ জানাল ইংল্যান্ড, অনুশীলনে চনমনে বুমরাহ, দলের স্বার্থে গিল চার নম্বরে নামবে: ঋষভ
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিডস: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু শুক্রবার। আগেভাগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছে আয়োজক দেশ। টিম ইন্ডিয়া সেই পথে না হাঁটলেও, ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাটিং অর্ডার নিয়ে ধোঁয়াশা কাটল। বুধবার লিডসে প্র্যাকটিসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাটিং অর্ডার নিয়ে এক প্রশ্নের জবাবে বাঁ হাতি ব্যাটার বলেন, ‘দলের প্রয়োজনে শুভমান গিল চার নম্বরে ও আমি পাঁচে ব্যাট করব। তিন নম্বর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওই জায়গাটা আপাতত ফাঁকাই আছে।’ তবে ওপেনিং জুটি নিয়েও কোনও নির্দিষ্ট উত্তর দেননি ঋষভ।

Advertisement

আসলে বিরাট কোহলি ও রোহিত শর্মা নেই। তাঁরা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁদের জায়গায় কারা ব্যাট করবেন, তা নিয়েই চলছিল জল্পনা। বিরাট নামতেন চারে। সেই জায়গায় দেখা যাবে গিলকে। এতদিন অবশ্য তিন নম্বরেই খেলেছেন শুভমান। তবে দলের স্বার্থে তিনি চারে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
এখন প্রশ্ন হল, তিন নম্বরে তাহলে কাকে খেলানো হবে? এই পজিশনে সাই সুদর্শন অনেকটাই এগিয়ে। দুরন্ত ফর্মে আছেন বাঁ হাতি ব্যাটার। আইপিএলে গিলের সঙ্গে তাঁর যুগলবন্দি ছিল নজরকাড়া। লাল বলে ফরম্যাটেও তেমন প্রত্যাশা অমূলক নয়। তাই তিনে সুর্দশনকে নামাতেই পারেন কোচ গম্ভীর। তা নাহলে ওই পজিশনে দেখা যাবে করুণ নায়ারকে। আর ওপেনিং জুটিতে যশস্বী জয়সওয়ালের জায়গা পাকা বলাই যেতে পারে। তাঁর সঙ্গী হতে চলেছেন লোকেশ রাহুল। কোচ গম্ভীর আগেও লোকেশের পাশেই থেকেছেন। তবে ব্যাক-আপ হিসেবে তৈরি রাখা হচ্ছে অভিমন্যু ঈশ্বরণকে।
এবারের ইংল্যান্ড সফরে কোহলি, রোহিতের মতো তারকাদের অভাব ঢাকাই বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে লোকেশ রাহুল, ঋষভ পন্থদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে পন্থ বলেন, ‘ইংল্যান্ডে খেলা সব সময়ই কঠিন চ্যালেঞ্জ। তাছাড়া এবার কোহলি, রোহিত ও অশ্বিন নেই। এটা দলের কাছে বড় ধাক্কা। কিন্তু রূঢ় বাস্তব মেনে নিয়েই আমরা ইংল্যান্ডে এসেছি। গত কয়েকদিন ধরে প্রস্তুতিও চলেছে জোরকদমে। দলের প্রত্যেক সদস্যের মনোবল তুঙ্গে। আমরা নতুন করে সবকিছু শুরু করতে চলেছি। সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। চাপও রয়েছে সমান্তরালভাবে।’
ইংল্যান্ডের মাটিতে অতীতে খেলেছেন ঋষভ। জোড়া সেঞ্চুরিও হাঁকিয়েছেন। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান তিনি। ঋষভ বলেন, ‘ব্যাটিং স্টান্স কিছুটা বদল করেছি। ইংল্যান্ডের পিচে রান পেতে গেলে সেটা জরুরি বলেই মনে হয়েছে। এবার আমার কাঁধে দায়িত্ব অনেক বেশি। সহ-অধিনায়কের পাশাপাশি সিনিয়র ক্রিকেটার হিসেবে সতীর্থদের মনোবলও বাড়াতে হবে। ড্রেসিং-রুমের পরিবেশ দুর্দান্ত। প্রস্তুতিও তুঙ্গে। প্রথম টেস্টে মাঠে নামার জন্য আমরা তৈরি। উইকেট দেখেছি। অনেক ঘাস আছে। ইংল্যান্ডে এই ধরনের পিচেই যে খেলতে হবে, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। তাই উইকেট নিয়ে বেশি ভাবছি না। জিততে গেলে মাঠে নেমে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। আমরা সেই চেষ্টাই করব।’
বুধবার হেডিংলেতে ঘাম ঝরালেন ভারতীয় ক্রিকেটাররা। নেটে চনমনে দেখাল পেসার যশপ্রীত বুমরাহকে। প্রথম ম্যাচে পিচে যেরকম ঘাস রাখা হয়েছে, তাতে বুমরাহকে সামলানো কঠিন হবে ইংল্যান্ডের ব্যাটারদের। পাশাপাশি দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেল শার্দূল ঠাকুর ও নীতীশ রেড্ডিকে। পেস অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন দু’জনেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ