মস্কো, ২৫ আগস্ট: রাশিয়ার থেকে জ্বালানি তেল কিনলেই চাপবে অতিরিক্ত শুল্ক। আমেরিকার তরফে এমনই হুমকি বারবার এসেই চলেছে। এমনকী মস্কোর থেকে জ্বালানি তেল কেনার জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। যদিও এটা ভারতের উপর কোনও রাগের জন্য নয়। ট্রাম্প প্রশাসনের দাবি, পুরোটাই মস্কোকে ঠেকানোর জন্য। কারণ মার্কিন প্রেসিডেন্ট চান রাশিয়া অবিলম্বে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাক। আর ভারতের মতো দেশ যদি রাশিয়ার থেকে ক্রমাগত জ্বালানি তেল কিনতে থাকে তাহলে তাঁদের অর্থনীতি মজবুত থাকবে। তাই মস্কো দীর্ঘদিন ধরেই কিয়েভের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে। যেটা মার্কিন প্রেসিডেন্ট মেনে নিতে পারছেন না।
তাই রাশিয়ার উপর চাপ বাড়াতেই সুকৌশলে ভারতকে গুণতে হচ্ছে মাশুল। কিন্তু এত কিছুর মাঝেও অনড় ভারত। যেখান থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল পাওয়া যাবে, ভারত সেখান থেকেই কিনবে। এমনটাই স্পষ্ট করে দিয়েছেন মস্কোয় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার। রবিবার(স্থানীয় সময়) মস্কোতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে তিনি জানান, ‘দেশের স্বার্থের কথা মাথায় রেখে যেখানে ঠিক বা সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল পাওয়া যাবে, সেখান থেকেই কিনবে ভারতীয় কোম্পানিগুলি। আমেরিকার সিদ্ধান্ত শুধু অন্যায্যই নয়, বরং অযৌক্তিকও। আমাদের লক্ষ্য হল ১৪০ কোটি ভারতীয়কে জ্বালানি-নিরাপত্তা দেওয়া। তা ছাড়া, রাশিয়া-সহ আরও কয়েকটি দেশের সঙ্গে ভারতের সহযোগিতা বিশ্বের তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে। ভারতের জ্বালানি সংক্রান্ত নীতি বহিরাগত রাজনৈতিক চাপে নয়, বরং দেশের মানুষের কথা ভেবেই স্থির করা হয়। তাই দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করবে নয়াদিল্লি।’