Bartaman Logo
৯ জুন, ২০২৬

কর্মসংস্থান বেড়েছে, বেকারত্ব নিয়ে বিতর্কের মধ্যেই সংসদে দাবি কেন্দ্রের

বেকারত্ব ইস্যুতে বিরোধীদের তোপের মুখে সরকার। যদিও সংসদে মোদি সরকারের দাবি, দেশে কর্মসংস্থান বেড়েছে। বৃহস্পতিবার আরবিআইয়ের তথ্যের উপর ভিত্তি করে রাজ্যসভায় এই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারান্দলাজে।

কর্মসংস্থান বেড়েছে, বেকারত্ব নিয়ে বিতর্কের মধ্যেই সংসদে দাবি কেন্দ্রের
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বেকারত্ব ইস্যুতে বিরোধীদের তোপের মুখে সরকার। যদিও সংসদে মোদি সরকারের দাবি, দেশে কর্মসংস্থান বেড়েছে। বৃহস্পতিবার আরবিআইয়ের তথ্যের উপর ভিত্তি করে রাজ্যসভায় এই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারান্দলাজে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭-১৮ সালে ভারতে উপার্জনকারী নাগরিকের সংখ্যা ছিল ৪৭ কোটি ৫০ লক্ষ। ২০২৩-২৪ সালে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ৬৪ কোটি ৩৩ লক্ষ। মন্ত্রী এই দাবি করলেও উপার্জনকারী নির্ধারণে মোদি সরকারের বর্তমান মাপকাঠি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। কেন্দ্রের এই নয়া মাপকাঠি অনুযায়ী, কোনও নাগরিক সপ্তাহে মাত্র এক ঘণ্টা কাজের সুযোগ পেলেই তাঁকে আর বেকার বলা যাবে না। ফলে উপার্জনকারীর সংখ্যা নিয়ে সরকারের পেশ করা এই পরিসংখ্যানেও ‘জল’ দেখছে বিরোধী শিবির। ঘটনাচক্রে, বেকারত্ব নিয়ে সরকারের পেশ করা মাসিক তথ্যের যথার্থতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সপ্তাহে এক ঘণ্টার এই নয়া মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মিডিয়া রিপোর্টও। এই অবস্থায় সংসদের বাদল অধিবেশন চলার মধ্যেই শ্রমমন্ত্রক ড্যামেজ কন্ট্রোলে নামে। দাবি করে, সরকারি নির্ধারিত কর্মসংস্থানের এই মাপকাঠি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত।

Advertisement
সম্পর্কিত সংবাদ