প্যারিস: যেন সিনেমার দৃশ্য! জানালা ভেঙে প্যারিসের ল্যুভর মিউজিয়ামের ঘরে ঢুকে ন’টি বহুমূল্য গয়না লুট করে পালাল তিন ব্যক্তি। তাও মাত্র সাত মিনিটের মধ্যে। যেসব গয়না চুরি গিয়েছে তা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও সাম্রাজ্ঞী জোসেফিনের। রবিবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আতঙ্কে ছুটতে শুরু করেন পর্যটকরা। তড়িঘড়ি সেখান থেকে তাঁদের বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় জাদুঘরের দরজা। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর তারা জানিয়েছে, পরিকল্পনা করেই চুরি করা হয়েছে। ঘটনার জেরে এদিন জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ল্যুভর কর্তৃপক্ষ। ইতিমধ্যে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি। তিনি জানান, ঘটনাস্থল থেকে চুরি যাওয়া একটি গয়নার অংশ উদ্ধার করেছেন তদন্তকারীরা। এক্স হ্যান্ডলে দাতি লেখেন, ‘রবিবার সকালে ল্যুভর মিউজিয়াম খুলতেই ডাকাতি হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। তদন্ত চলছে।’ ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে,‘তদন্ত শুরু হয়েছে। চুরি যাওয়া সামগ্রীর তালিকা তৈরি করা হচ্ছে। এই গয়নাগুলির ঐতিহাসিক মূল্য অপরিসীম।’
কীভাবে চুরি হল বিশ্বের অন্যতম জাদুঘরে? স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জাদুঘরের যেদিকে শ্যেন নদী রয়েছে সেদিকে নির্মাণকাজ চলছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ সেখানকার একটি লিফ্ট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির নির্দিষ্ট ঘরে পৌঁছে যায় অভিযুক্তরা। এই গ্যালারিতেই রয়েছে ফরাসি রাজপরিবারের বহুমূল্য গয়না। জানা গিয়েছে, জানালা ভেঙে সম্রাট ও সাম্রাজ্ঞীর ন’টি গয়না চুরি করে তিনজন। তারপর বাইকে চড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ঐতিহাসিক প্রাচীন সামগ্রী, পেন্টিং থেকে শুরু করে ভাস্কর্য। ল্যুভরে রয়েছে ৩৩ হাজারের বেশি বহুমূল্য সামগ্রী। যার মধ্যে অন্যতম মোনালিসার পেন্টিং। প্যারিসের জাদুঘরে এটাই অবশ্য প্রথম চুরি নয়। ১৯১১ সালের ২১ আগস্ট মোনালিসার পেন্টিং চুরি করেছিলেন জিনসেনজো পেরুগিয়া নামে এক ব্যক্তি। ১৯১৩ সালে ইতালির ফ্লোরেন্সে পেন্টিংটি বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তিনি। ১৯৫৬ সালের দ্য ভিঞ্চির এই পেন্টিং দু’বার নষ্ট করার চেষ্টা চালান দুই ব্যক্তি। তবে খুব একটা ক্ষতি হয়নি। পরে আরও কয়েকবার এই পেন্টিং খারাপ করার চেষ্টা হয়েছিল। মোনালিসা ছাড়া আরও বেশকিছু বস্তু চুরি যায় এই জাদুঘর থেকে। তার মধ্যে বেশকিছু আজও উদ্ধার হয়নি। নেপোলিয়ান ও জোসেফিনের গয়না কি পাওয়া যাবে?