নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার থেকে শুরু হচ্ছে এমডি-এমএস ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা। প্রতিটি বিষয়ের থিয়োরি পরীক্ষা হবে প্রথমে। তারপর প্র্যাকটিক্যাল। বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষা নির্বিঘ্নে চালানো রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছে অগ্নিপরীক্ষাই বলা চলে। অনিয়ম, টোকাটুকি এবং দুর্নীতি আটকাতে তারা কতটা কঠিন ব্যবস্থা নিতে পারে এবং সেই ব্যবস্থা কতটাই-বা যথাযথভাবে কার্যকর করতে পারবে—সেটাও দেখার আজ। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা রাখতে নিজেদের সুপারিশ মতো বিশ্ববিদ্যালয় কি ‘লাইভ স্ট্রিমিং’ করবে আজ, নাকি শুধুমাত্র সিসি ক্যামেরার নজরদারিতেই চলবে পরীক্ষা, তাও বোঝা যাবে এদিন থেকেই।
Advertisement
পরীক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি ওঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত গ্রিভান্স সেল দ্রুত এগজামিনেশন অ্যাডভাইজারি কমিটি গঠন করে। এদিন রাজ্যজুড়ে যতগুলি মেডিক্যাল কলেজে এমডি-এমএস বা ওই ধরনের আসন রয়েছে, সব জায়গায় পরীক্ষা হবে। অ্যাডভাইজারি কমিটির এক সদস্য বলেন, হলে প্রবেশের আগে থেকেই কড়াকড়ি শুরু হবে। পরিদর্শক হিসেবে থাকবেন শুধু সিনিয়র ডাক্তাররা।



