ক্যালিফোর্নিয়া, ১১ মার্চ: বিপত্তির মুখে পড়ে ব্যাহত হল এলন মাস্কের ‘এক্স’-এর পরিষেবা। গতকাল, সোমবার দুপুর থেকেই বিভ্রাট দেখা দেয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মোবাইল অ্যাপে ৫৬ শতাংশ, ওয়েবসাইটে ৩৩ শতাংশ ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন। সার্ভার কানেকশন এররের শিকার হন ১১ শতাংশ ‘এক্স’ ইউজার। পরিষেবায় বিঘ্নের জন্য গতকাল, সোমবার রাত পর্যন্ত প্রায় ৪০ হাজার রিপোর্ট নথিভুক্ত হয়। তারমধ্যে ২,৬০০ ভারত থেকেই। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা থেকেও গোলযোগের খবর আসে। গোটা বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন ‘এক্সে’র সিইও এলন মাস্ক। তিনি স্পষ্ট জানান, সাইবার অপরাধীদের কবলে পড়েছে ‘এক্স’। এর জন্য দায়ী কোনও গোষ্ঠী বা দেশ। তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি না ঠিক কী হয়েছে। তবে সাইবার অপরাধীদের কবলে পড়েছে ‘এক্স’। ওরা ক্ষতি করতে চাইছে এই প্ল্যাটফর্মটির। আইপির ঠিকানা দেখাচ্ছে ইউক্রেন। অর্থাৎ ইউক্রেন থেকেই কেউ কিছু করছে।’ তবে আপাতত ঠিক হয়ে গিয়েছে ‘এক্স’। আয়ত্তের মধ্যে রয়েছে বিষয়টি, জানিয়েছেন মাস্ক। সূত্রের খবর, টেলিগ্রামে ডার্ক স্ট্রোম নামের এক হ্যাকারদের গোষ্ঠী নাকি ‘এক্সে’র পরিষেবা ব্যাহত করার দায় স্বীকার করেছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই হ্যাকাররা মূলত প্যালেস্তাইনপন্থী। তারা সেই সমস্ত দেশের তথ্য ও প্রযুক্তির ক্ষতি করার চেষ্টা করে যারা ইজরায়েলকে গাজায় যুদ্ধের জন্য মদত বা সাহায্য দিচ্ছে বা এতদিন দিয়ে এসেছে।



