Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের ফর্ম পরীক্ষা ও ডেটা এন্ট্রির কাজ নিয়ে একগুচ্ছ নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকায় নাম তোলার ‘ফর্ম’ ঠিকমতো পরীক্ষা করে দেখার বিষয়ে সতর্ক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জেলাগুলিকে এই সংক্রান্ত একাধিক নির্দেশ পাঠানো হয়েছে।

ভোটের ফর্ম পরীক্ষা ও ডেটা এন্ট্রির কাজ নিয়ে একগুচ্ছ নির্দেশ নির্বাচন কমিশনের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকায় নাম তোলার ‘ফর্ম’ ঠিকমতো পরীক্ষা করে দেখার বিষয়ে সতর্ক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জেলাগুলিকে এই সংক্রান্ত একাধিক নির্দেশ পাঠানো হয়েছে। জানানো হয়েছে, কেউ যদি যোগ্য বয়সের অনেক পরে নাম তোলার জন্য আবেদন করেন তাঁর আবেদন ভালো করে যাচাই করতে হবে। কেন এতদিন বাদে সেই ভোটার নাম তুলতে চাইছেন সেটার কারণ জেনে নিতে হবে। এছাড়াও নাম তোলার অতিরিক্ত বা অস্বাভাবিকরকম হিড়িক দেখা গেলে তাও দেখতে হবে। রবিবার এই সব ইস্যু নিয়ে সব জেলার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রওয়ালের ভার্চুয়াল বৈঠক করার কথা। কাকদ্বীপে ফর্ম পরীক্ষা নিয়ে যে ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই এমন সতর্কমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Advertisement

কমিশন চাইছে, ভোটের ফর্ম পরীক্ষা করার কাজে নিযুক্তদের কাজকর্মের উপর নজর রাখুক সংশ্লিষ্ট জেলা প্রশাসন। কোনওদিন যদি অস্বাভাবিক হারে ফর্ম জমা পড়ে তখন বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশন কর্তাদের নির্দেশ, যেসব বাসিন্দা তথ্য প্রমাণের সমর্থনে পাসপোর্ট বা আধার কার্ড জমা দিচ্ছে, সেগুলিকে আলাদা করে ভালো করে পরীক্ষা করতে হবে আধিকারিকদের। যে নির্বাচনী আধিকারিক ফর্ম পরীক্ষা করেন, তাঁদের লগ ইন আইডি বা ফোন নম্বর বদল করা হলে সেটা যাতে রেজিস্টার খাতায় নথিভুক্ত করা থাকে সে বিষয়েও পদক্ষেপ করতে হবে।
এসবের বাইরে ডেটা এন্ট্রির কাজ নিয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছে কমিশন। তার মধ্যে অন্যতম হল, যেসব তথ্য আপলোড করা হচ্ছে, সেগুলি নির্দিষ্ট অফিসের বাইরে যাতে না যায়, তা নিশ্চিত করতে হবে। ফের একবার কমিশন মনে করিয়ে দিয়েছে, যে যে কোনও ধরনের ডেটা এন্ট্রির কাজ নির্বাচনী পদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানেই করতে হবে। রবিবারের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কি নতুন বার্তা দেন নতুন মুখ্য নির্বাচনী অধিকারিক, তার দিকে তাকিয়ে জেলাগুলি।

Advertisement
সম্পর্কিত সংবাদ