নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: জেলার এক প্রান্তে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধের। আরেক দিকে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসে ধাক্কা মারলে ১৬ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি বাইক চালিয়ে ঢোলাহাট থানার বাহিরচকের দিক থেকে বৈদ্য মোড়ের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আবু জাফর গায়েন (৬৪) নামে এক বৃদ্ধকে ধাক্কা মারেন চালক। রাস্তায় ছিটকে পড়েন তিনি। বৃদ্ধের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে আবু জাফরের মৃত্যু হয়। এদিকে, শুক্রবার সকালে বিষ্ণুপুর থানার ভাসা এলাকায় স্টপের বাইরে ২৩৫ রুটের একটি বাস যাত্রী তুলছিল। সেই সময় রায়চক থেকে কলকাতাগামী বাস সেটিকে ওভারটেক করতে যায়। কিন্তু সামনে থেকে একটি বাইক চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে, সামনের বাসে সজোরে ধাক্কা মারে দ্বিতীয় বাসটি। তাতেই অনেকে আহত হন। সাধারণ মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কারও আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। রায়চকের বাসটির চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। ডায়মন্ডহারবার পুলিশ জেলার ট্রাফিক বিভাগ থেকে দুটি বাস চালকের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট আরটিওর কাছে আবেদন জানিয়েছে। দুর্ঘটনার পর ১১৭ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসগুলি সরিয়ে নেওয়া হলে স্বাভাবিক হয়।



