নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: গরিব মানুষের কাছে স্বাস্থ্যসাথী কার্ড কতটা গুরুত্বপূর্ণ, তার প্রমাণ মিলল বনগাঁ শহরে। গত এক বছরে শহরের ২ হাজার ৮৭১ জন হৃদরোগে আক্রান্ত মানুষ এই কার্ডের মাধ্যমে সুস্থ হয়েছেন। হয়েছে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্ট থেকে পেসমেকার বসানোও। আর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য শনিবার সন্ধ্যায় বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে সম্মানিত করল বেসরকারি একটি হাসপাতাল কর্তৃপক্ষ। এবার শহরের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসাও দেওয়া হবে বলে জানিয়েছে নিউটাউনের ওই হাসপাতালটি। এদিন অনুষ্ঠানে কলকাতা, নিউটাউন থেকে হৃদরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। নার্সিংহোমের এক কার্ডিওলজিস্ট বলেন, চেয়ারম্যানের সুপারিশ ও উদ্যোগে শহরের ২ হাজার ৮৭১ জন হৃদরোগে আক্রান্তকে রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই আমরা চিকিৎসা করিয়েছি। এদিক, নিউটাউনের ক্যান্সার হাসপাতালের এক বিশেষজ্ঞ বলেন, চেয়ারম্যানের মধ্যস্থতায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বনগাঁ শহরের ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এ নিয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, বিরোধীরা অনেক সময়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কুৎসা করে। কিন্তু, এই অনুষ্ঠানই বলছে, সরকারের এই কার্ডের মাধ্যমে প্রায় তিন হাজার অসহায় রোগী এক বছরে প্রাণ ফিরে পেয়েছেন। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প জীবনদায়ী।



