সয়াবিন কোথায় এগিয়ে?
সয়াবিন কোথায় এগিয়ে?
প্রোটিনের পরিমাণে সয়াবিন ডিমের চেয়ে অনেক এগিয়ে। প্রতি ১০০ গ্রাম শুকনো সয়া নাগেটস-এ প্রায় ৫২ গ্রাম প্রোটিন, ৩৪৫ কিলোক্যালরি এনার্জি ও প্রায় ৩৩ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। অন্যদিকে একটি ডিমে থাকে মাত্র ৬–৭ গ্রাম প্রোটিন। চারটি ডিম (প্রায় ২০০ গ্রাম)-এ মোট প্রোটিন থাকে প্রায় ২৮ গ্রাম, ক্যালরি প্রায় ৩০০ ও প্রায় ২০ গ্রাম ফ্যাট। সয়াবিনের ফাইবার হজমে সাহায্য করে। ডিমে ফাইবার নেই। সয়াবিনে স্যাচুরেটেড ফ্যাট খুব কম। কোলেস্টেরল নেই। নিরামিষাশীদের জন্য বেস্ট।
সয়াবিন কোথায় পিছিয়ে?
প্রোটিনের গুণমান ও শরীরে শোষণের ক্ষেত্রে ডিম এগিয়ে। ডিমের প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু (বিভি) ও ডাইজেস্টেবল ইন্ডিসপেনসিবল অ্যামিনো অ্যাসিড স্কোর (ডিআইএএএস) প্রায় ১০০-এর কাছাকাছি। মানে শরীর ডিমের প্রোটিন অত্যন্ত ভালোভাবে হজম ও ব্যবহার করতে পারে। ডিমে ভিটামিন বি১২, ভিটামিন ডি, কোলিন, স্বাস্থ্যকর চর্বি এবং সহজে শোষিত কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে, যা সয়াবিনে নেই বা খুব কম পরিমাণে থাকে।
শিশুদের জন্য কোনটি?
শিশুদের জন্য ডিমই বেশি উপযোগী। বেড়ে ওঠা শরীরের জন্য প্রয়োজনীয় উচ্চমানের প্রোটিন, সহজে শোষিত অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি১২, ভিটামিন ডি, কোলিন এবং স্বাস্থ্যকর চর্বি ডিমে পাওয়া যায়। এগুলি মস্তিষ্কের বিকাশ, পেশি গঠন ও হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে। তবে যেসব বাচ্চা নিরামিষভোজী বা ডিম খেতে পারে না, তাদের জন্য সয়াবিন ও সয়া খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি যাতে না হয়, সেদিকেও নজর রাখা জরুরি।
লিখেছেন শান্তনু দত্ত