নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রেলের ফ্রেট করিডোর নিয়ে জট কাটাতে এবার তৎপর রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আসানসোলের জেলাশাসক অফিসে জমি জট কাটাতে বৈঠক করেন জেলাশাসক পোন্নমবলম এস। রেলের সংশ্লিষ্ট প্রকল্পের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জমি আন্দোলনকারীরা। এই বৈঠকে ছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও।
জানা গিয়েছে, রেলের ফ্রেট করিডোরটি আসছে পাঞ্জাবের লুধিয়ানা থেকে। লুধিয়ানা থেকে বিহারের সোননগর পর্যন্ত কাজ আগেই শেষ হয়েছে। এবার সোননগর থেকে অণ্ডাল পর্যন্ত কাজ সম্পন্ন করলেই ফ্রেট করিডোর তৈরি হয়ে যাবে। কিন্তু কাজ থমকে গিয়েছে আসানসোলে। আসানসোল রেলপারের ছোটো বাজারে প্রায় ১০০ ব্যবসায়ীর দোকান ও মার্কেট রয়েছে। অভিযোগ, ওই ব্যবসায়ীদের না জানিয়েই মার্কেটের জমির মালিক জমি রেলকে বিক্রি করে দিয়েছে। কয়েক বছর আগে রেল যখন মার্কেট ভাঙতে এসেছিল তখন বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন ওই ব্যবসায়ীরা। তৎকালীন তৃণমূল সরকারও প্রকারান্তরে ওই ব্যবসায়ীদের সমর্থন করে। এরপর থেকে আর কাজ এগয়ানি। এবার সরকার বদলের পর সেই কাজ শেষ করতে চাইছে রেল।
যদিও প্রশাসন কোনো রকম বল প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাইছে। এদিন সকালে প্রথম দফার বৈঠক হয় জেলাশাসক অফিসে। পরবর্তীকালে বিধায়ক আলাদা ভাবে আলোচনায় বসেন ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।



