Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

‘মোদি-শাহের পোষা কুকুর ইডি’, তোপ কংগ্রেস সাংসদের

মোদি জমানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে বহু আগেই প্রশ্ন উঠে গিয়েছে। রাজনীতির কাজে ইডি-সিবিআইয়ের অপব্যবহার করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ।

‘মোদি-শাহের পোষা কুকুর ইডি’, তোপ কংগ্রেস সাংসদের
  • ১০ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ মার্চ: মোদি জমানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে বহু আগেই প্রশ্ন উঠে গিয়েছে। রাজনীতির কাজে ইডি-সিবিআইয়ের অপব্যবহার করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। ঝাঁঝ আরও বাড়িয়ে আজ, সোমবার ইডি-কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘পোষা কুকুর’ বলে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ মণিকম টেগোর। আবগারি দুর্নীতির তদন্তে আজ সাতসকালে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলের বাড়িতে হানা দেয় ইডির দল। একযোগে অভিযান শুরু হয় ১৪টি স্থানে। আর তাতেই ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির।

Advertisement

কেন্দ্রীয় এজেন্সির এই অভিযানের তীব্র নিন্দা করেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেল। একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন বর্ষীয়ান এই কংগ্রেসে নেতা। তবে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এদিন সবথেকে কড়া শব্দবন্ধ ব্যবহার করেছেন মণিকম টেগোর। তামিলনাড়ু থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেসের এই সাংসদ বলেন, ‘ইডি যে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পোষা কুকুরে পরিণত হয়েছে তা কারও অজানা নেই। তাঁরা নিজেদের কুকুরকে ইচ্ছেমতো যেখানে সেখানে পাঠাতে পারেন। এখানেও তেমনটাই হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ভূপেশ বাঘেল কংগ্রেসের একজন লড়াকু নেতা। এমন লড়াই তিনি আগেও লড়েছেন।’ মণিকম টেগোর আরও বলেন, ‘বিজেপি এবং আরএসএস মিথ্যা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। কিন্তু তারা সে কাজে সফল হবে না।’

জানা গিয়েছে, আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য এবং তাঁর সহযোগীদের একাধিক সম্পত্তিতে হানা দেয় ইডি। ছত্তিশগড়ের অন্তত ১৪টি স্থানে একযোগে শুরু হয় অভিযান। আধিকারিকদের দাবি, তদন্ত চলাকালীন কয়েক হাজার কোটি টাকার দুর্নীতিতে চৈতন্যের যুক্ত থাকার কিছু প্রমাণ সামনে এসেছে। যার ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ