নয়াদিল্লি: শুধুমাত্র ‘সন্দেহে’র বশে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না। সেজন্য ‘বিশ্বাস করার মতো কারণ’ থাকা আবশ্যক। প্রতারণা সংক্রান্ত একটি মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
দু’টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় ইডির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুনম মালিক নামে এক মহিলা। অভিযোগ, পুনমের স্বামী রঞ্জিত মালিকের সঙ্গে যোগ রয়েছে স্টারলিং বায়োটেকের ৫ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণা সামলায় অভিযুক্ত গগন ধাওয়ানের। যদিও পুনম বা তাঁর স্বামী কারও নামই এফআইআর ছিল না। দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল, শুধুমাত্র সন্দেহের বশে অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না। অর্থ তছরুপ আইনের ১৭ (১এ) ধারায় ‘বিশ্বাস করার মতো কারণ’ শব্দবন্ধের উল্লেখ না থাকলেও এই ধারাকে ১৭(১) ধারার থেকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। ১৭(১) ধারাতে সুস্পষ্টভাবে ‘বিশ্বাস করার মতো কারণ’ শব্দবন্ধের উল্লেখ রয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে দিল্লি হাইকোর্ট পুনমের পক্ষে রায় দেওয়ায় ইডি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। যদিও ইডির সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও শীল নাগুর বেঞ্চ দিল্লি হাইকোর্টের ব্যাখ্যায় হস্তক্ষেপ করতে রাজি হয়নি।