Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার ক্যাম্পেই নেওয়া হবে অভিযোগপত্র 

এবার ক্যাম্পেই নেওয়া হবে অভিযোগপত্র 
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: এবার পুলিস ক্যাম্প এবং আউটপোস্টেও নেওয়া হবে অভিযোগপত্র। সুন্দরবন পুলিস জেলা সেই পরিষেবা শুরু করছে। এতে দূরবর্তী এবং প্রান্তিক মানুষের হয়রানি অনেকটাই কমবে বলেই দাবি পুলিসের। জানা গিয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিস্ট ক্যাম্পের পুলিস অফিসাররা প্রাথমিক তদন্ত শুরু দেবেন। অভিযোগটি এফআইআর করার যোগ্য কি না, সেটা ঠিক করে নির্দিষ্ট ধারা দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে থানায় পাঠিয়ে দেবেন ক্যাম্পে কর্তব্যরত অফিসার। এরপর সেখান থেকেই জিডি এবং এফআইআর নম্বর সেই ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, যা অভিযোগকারীকে দেওয়া হবে। এরপর তিনি চাইলে এফআইআরের প্রতিলিপি থানা অথবা কিছুদিন বাদে ক্যাম্প থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এই পুলিস জেলার অন্তর্গত ১৯টি ক্যাম্পে এই প্রক্রিয়া সোমবার শুরু হচ্ছে। 
Advertisement
এর মধ্যে কুলপি থানা এলাকাতে পাঁচটি ও ঢোলা থানায় আছে চারটি ক্যাম্প। গত কয়েকদিন ধরে প্রতি থানার আইসি ও ওসিরা সেই ক্যাম্পগুলি পরিদর্শন করেছেন। তাঁরা সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে এই কাজের প্রক্রিয়া বোঝানোর কাজও শুরু করেছেন। সুন্দরবন পুলিস জেলার এক আধিকারিক বলেন, কোনও  মানুষ ক্যাম্পে অভিযোগ জানাতে গেলে তা মন দিয়ে শুনতে হবে ক্যাম্পের অফিসারকে। কোনওভাবেই তাঁকে ফেরানো যাবে না। অন্যদিকে, বারুইপুর পুলিস জেলাতেও এই প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ