Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার ডানকুনিতে মেছো বিড়ালের দাপট, বাঘ ভেবে আতঙ্কে কাঁপছেন মানুষ

এবার ডানকুনিতে মেছো বিড়ালের দাপট, বাঘ ভেবে আতঙ্কে কাঁপছেন মানুষ
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঘের আতঙ্ক হুগলির ডানকুনিতে। গত কয়েকদিন ধরেই ডানকুনি পুরসভার খড়িয়াল বাগপাড়া থেকে গায়েব হচ্ছিল হাঁস-মুরগি। এরপর দিনকয়েক আগে স্থানীয় একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে বাঘের মতো এক চারপেয়ে প্রাণী ঘুরছে। সেই থেকে আতঙ্কের আবহ তৈরি হয়েছে ওই এলাকায়। বাঘের ভয়ে রাস্তাঘাটে লোকজন কমতে শুরু করেছে। 
Advertisement
তবে পুর কর্তাদের দাবি, এলাকার পাশেই একটি জলা ও জঙ্গল আছে। সেখানে বহু বছর ধরে মেছো বিড়াল বা বাঘরোলের বাস। বিড়ালের থেকে একটু বড় আকারের ওই প্রাণীদের ঘিরেই তৈরি হয়েছে আতঙ্ক। পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম বলেন, ‘বাঘরোল কখনও মানুষকে আক্রমণ করে না। তাই উদ্বেগের কোনও কারণ নেই। তবে হাঁস-মুরগির ক্ষতিও মানুষের একটি বড় সমস্যা।
প্রসঙ্গত ২০১৯ সালে কোন্নগরের নবগ্রামে একটি দোকানের সিসি ক্যামেরায় একটি বড় আয়তনের বাঘরোলের ছবি ধরা পড়েছিল। তারপর তা নিয়ে এলাকায় তীব্র বাঘ-আতঙ্ক তৈরি হয়। 
শেষপর্যন্ত স্থানীয় স্তরে জনসচেতনতার মাধ্যমে সেই আতঙ্ক দূর কার হয়েছিল। তারপর স্বাভাবিক জীবনে ফিরেছিল নবগ্রাম। তবে গোটা ঘটনায় অন্য উদ্বেগ তৈরি হয়েছে পশুপ্রেমী মহলে। হুগলির পশুপ্রেমী সংগঠনের কর্তা গৌতম সরকার বলেন, এমনিতেই বাঘরোল বিপন্ন। সেগুলিকে যখন তখন মেরে ফেলা হয়। 
এবার বাঘ আতঙ্ক ছড়ানোর জেরে সেগুলি আরও বেশি করে মানুষের আক্রমণের শিকার হবে। তাঁর দাবি, স্বাভাবিক বসতিতে খাবারের অভাবের কারণেই বাঘরোলগুলি জনপদে চলে আসছে।
সম্পর্কিত সংবাদ