Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার সিক্সে আজ ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার, অনুশীলনে হাজির কিবু ভিকুনা, ডুরান্ডে হারের বদলা নিতে তৈরি বিষ্ণুরা

শনিবার সকালে ক্লোজড ডোর অনুশীলনে ব্যস্ত ইস্ট বেঙ্গল। কাঠফাটা রোদে গেটের বাইরে দাঁড়িয়ে কয়েকজন অনুরাগী

সুপার সিক্সে আজ ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার, অনুশীলনে হাজির কিবু ভিকুনা, ডুরান্ডে হারের বদলা নিতে তৈরি বিষ্ণুরা
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: শনিবার সকালে ক্লোজড ডোর অনুশীলনে ব্যস্ত ইস্ট বেঙ্গল। কাঠফাটা রোদে গেটের বাইরে দাঁড়িয়ে কয়েকজন অনুরাগী। প্র্যাকটিস শেষে পিভি পিষ্ণু, এডমুন্ডরা বেরতেই ঘিরে ধরলেন তাঁরা। একটাই আব্দার, ‘ডুরান্ডের বদলা চাই। ডায়মন্ডহারবারকে হারাতেই হবে।’ আসলে ডুরান্ড কাপে কিভুর দলের কাছে হার মানতে পারেননি সমর্থকরা। মনের জ্বালা না মিটলে শান্তি নেই। এমন ধুন্ধুমার আবহে রবিবার ঘরোয়া লিগে ফের ডায়মন্ডহারবার এফসি’র  মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল। ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও এই ম্যাচের ভূমিকা অপরিসীম।

Advertisement

ইস্ট বেঙ্গলের ‘ডায়মন্ড’ কাঁটা নতুন নয়। গতবার লিগে অপরাজিত মশাল বাহিনী। তবে ডায়মন্ডহারবার আদালতে যাওয়ায় চ্যাম্পিয়নশিপ এখনও অধরা।  সেই ঘটনাও রবিবারের ম্যাচে বাড়তি ইন্ধন জোগাচ্ছে।  লাল-হলুদ কোচ এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। বরং মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে মাত করার নীল নকশা তৈরি বিনোর। শনিবার ক্লাবের মাঠে চূড়ান্ত মহড়ায় লাল-হলুদ ফুটবলাররা বেশ চনমনে। ওয়ার্ম-আপের পর কিছুক্ষণ ফান গেমে মাতলেন তন্ময়রা। তারপর সিচুয়েশন প্র্যাকটিসে আমন সিকে, গুইতে, জেসিন টিকেদের ঘুরিয়ে ফিরিয়ে পরখ করে নেন কোচ বিনো। সায়ন ব্যানার্জি ও দেবজিৎ মজুমদারের কার্ড সমস্যা মেটায় স্বস্তিতে কেরালাইট কোচ। দেবজিত্, লাকরা, বিষ্ণু, ডেভিডকে রেখেই প্রথম একাদশ সাজানোর পরিকল্পনা ইস্ট বেঙ্গল। রক্ষণভাগে প্রভাত লাকরার সঙ্গে জুটি বাঁধবেন চাকু মান্ডি। দুই সাইড ব্যাক বিক্রম ও জোসেফ। মাঝমাঠে নাসিব ও তন্ময়ের কম্বিনেশন দলের ফুসফুস। আপফ্রন্টে সিঙ্গল স্ট্রাইকার ডেভিডকে সঙ্গত করতে তৈরি বিষ্ণু, আমন, সায়ন। জেসিন টিকে অনেকটাই ফিট। পরিস্থিতি অনুযায়ী তাঁকে ব্যবহার করা হবে। কোচ বিনোর কথায়, ‘ডায়মন্ডহারবার এফসি ভালো দল। তবে আমি নিজেদের নিয়েই ভাবছি। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা সেরাটা উজাড় করতে তৈরি।’
সুপার সিক্সের প্রথম ম্যাচে ইউনাইটেড কলকাতাকে ৩-০ ব্যবধানে হারায় ইস্ট বেঙ্গল। অন্যদিকে সুরুচি সঙ্ঘকে ৪ গোলের মালা পরায় ডায়মন্ডহারবার। অর্থাৎ গোল পার্থক্যে এগিয়ে তারাই। রবিবার  জিতলে খেতাবের গন্ধ পাবে দীপাঙ্কুর শর্মার দল। লাল-হলুদের প্রাক্তনী জবি জাস্টিনকে খেলিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান ডায়মন্ডহারবার কোচ। এছাড়া আকিব নবাবও গোলের মধ্যে রয়েছেন। সবমিলিয়ে কড়া টক্করের অপেক্ষায় রবিবারের কিশোর ভারতী।
 কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ দুপুর তিনটে। সরাসরি এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ