সঞ্জয় সরকার, কলকাতা: ২০০৪ ডুরান্ড কাপ ফাইনাল। তারকাখচিত মোহন বাগানকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল ইস্ট বেঙ্গল। ফাইনালে জোড়া গোলে নায়ক চন্দন দাস। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ২০ বছর। ঐতিহ্যশালী টুর্নামেন্টে ব্যর্থতাই সঙ্গী লাল-হলুদের। ২০২৩ সালে ফাইনালে উঠলেও, ডার্বি হেরে রানার্স-আপেই সন্তুষ্ট থাকতে হয়েছিল সাউল-শৌভিকদের। বুধবার ফের ডুরান্ড কাপে নামছে ইস্ট বেঙ্গল। উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। আর তার আগে ২০০৪ ফাইনালের নায়ক চন্দনের বার্তা, ‘গত কয়েক বছর ধরে দলের এই হতশ্রী পারফরম্যান্স দেখে সত্যিই কষ্ট হয়। আসলে এখনকার ফুটবলারদের মধ্যে সেই আবেগটাই নেই। তবে এবার অন্তত লাল-হলুদ জার্সির মান রাখুক তারা। আশা করছি, ডুরান্ড কাপ জয়ের মধ্যে দিয়ে আমার প্রিয় ক্লাব সাফল্যের সরণিতে ফিরবে।’
চন্দনের মতো ইস্ট বেঙ্গলের সাফল্যের অপেক্ষায় হাজার হাজার অনুরাগী। অস্কার ব্রিগেড কি পারবে তাঁদের মুখে হাসি ফোটাতে? লাল-হলুদ স্প্যানিশ কোচের পাখির চোখও কিন্তু ট্রফি। মাত্র তিনদিনের প্রস্তুতিতে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে নামছেন দিয়ামানতাকোসরা। ফিটনেস সমস্যার পাশাপাশি সঠিক কম্বিনেশন গড়ে তোলার সময় পাননি কোচ অস্কার। তবে যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তিন পয়েন্টই চান কোচ।
গত মরশুমে মাঝপথে দায়িত্ব নিলেও দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ অস্কার। এবার তাই শুরু থেকেই তাঁর উপর বাড়তি চাপ। লাল-হলুদ কোচও দলকে সাফল্যের সরণিতে ফেরাতে বদ্ধপরিকর। তাঁর কথায়, ‘সকলেই জানি, ক্লাব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সমর্থকদের মনের অবস্থা ভালোই উপলদ্ধি করতে পারছি। তাই এবছর আমরা প্রতিটি টুর্নামেন্ট জয়ের জন্য ঝাঁপাব। মরশুম সবে শুরু। ফুটবলারদের ফিটনেস সমস্যা তাই স্বাভাবিক। বিদেশিরা মাত্র দু’দিন অনুশীলন করেছে। পরিস্থিতি বিচার করে সেরা দলই মাঠে নামাব।’
মিগুয়েল ও সিবলের এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। তাই বুধবার সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তিন বিদেশি নিয়েই মাঠে নামছে ইস্ট বেঙ্গল। মাঝমাঠে সাউলের সঙ্গে জুটি বাঁধবেন মহম্মদ রশিদ। আর দ্রুত গোল তুলে নেওয়ার লক্ষ্যে আপফ্রন্টে দিয়ামানতাকোসের সঙ্গে শুরু করতে পারেন ডেভিড। বিপিন-মহেশকে রেখে প্রান্তিক আক্রমণে জোর দিতে চান অস্কার। রক্ষণে আনোয়ারের সঙ্গী হবেন মার্তণ্ড রায়না। দুই উইং-ব্যাকে বিষ্ণু ও লালচুংনুঙ্গা।
এবারই ডুরান্ড কাপে প্রথমবার খেলতে নামছে সাউথ ইউনাইটেড। প্রথম ম্যাচেই তাদের সামনে কঠিন লড়াই। সীমিত শক্তির মধ্যেও ইস্ট বেঙ্গলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি বেঙ্গালুরুর এই দলটি। এদিকে, বেশ জাঁকজমকভাবেই উদ্বোধন হতে চলেছে ১৩৪তম ডুরান্ড কাপের। হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ সেনাবাহিনীর শীর্ষকর্তারা।
ম্যাচ শুরু বিকাল ৫-৩০ মিনিটে। সরাসরি সোনি স্পোর্টসে।