


অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: রবিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। পরপর দু’টি ম্যাচে জিতে আত্মবিশ্বাসী কোচ অস্কার ব্রুজোঁ। ইতিমধ্যেই নক-আউটের টিকিট পাকা করে ফেলেছে মশাল বাহিনী। এয়ারফোর্সের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ হলেও হাল্কাভাবে নিচ্ছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। কারণ, প্রথম ম্যাচে বড় জয় পেলেও নামধারীর বিরুদ্ধে গোল করতে কালঘাম ছোটে ইস্ট বেঙ্গলের। গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোস এখনও ম্যাচ ফিট নন। পরিবর্ত হিসেবে মাঠে নেমে দলকে জেতান হামিদ। এদিন ব্রুজোঁ বলেন, ‘জয়ের ধারাবাহিকতা বজায় রাখাটা খুব দরকার। এয়ারফোর্স ম্যাচ তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্রুত গোল তুলে নেওয়াই আমাদের লক্ষ্য। ছেলেরাও জিততে মরিয়া।’
শনিবার বিকেলে রাজারহাট সেন্টার অব এক্সেলেন্সের মাঠে চূড়ান্ত মহড়া সারল ইস্ট বেঙ্গল। দৌড়, স্ট্রেচিংয়ের পর মিনিট কুড়ির ম্যাচ সিচুয়েশন দেখে মনে হল, প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে। সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ জুটি বাঁধলেন সিবলে। উল্লেখ্য, লালচুংনুঙ্গা এদিন দলের সঙ্গে অনুশীলন করেননি। রাইট উইং-ব্যাকে প্রভাত লাকরার খেলার সম্ভাবনা প্রবল। মাঝমাঠে মিগুয়েলের সঙ্গী হতে পারেন নাওরেম মহেশ। ব্লকারের ভূমিকায় জিকসন সিং। দুই উইং-হাফ সম্ভবত বিপিন সিং ও এডমুন্ড। আর লক্ষ্যভেদের জন্য গত ম্যাচের সুপার-সাব হামিদের উপর আস্থা রাখছেন অস্কার। মূল দলের সঙ্গে না হলেও গা ঘামালেন দিয়ামানতাকোস ও রশিদ। তবে এয়ারফোর্সের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে দেখা যেতে পারে বিষ্ণুকে। প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এদিন কোচ ব্রুজোঁ বলেন, ‘নক-আউটের আগে কিছুক্ষণের জন্য বিষ্ণুকে পরখ করে নেওয়ার ইচ্ছা আছে।’
লাল-হলুদ জার্সিতে প্রথম দিনেই নজর কড়েছিলেন মিগুয়েল ও হামিদ। সেদিন ব্রাজিলিয়ান ফুটবলারটির তিনটি প্রচেষ্টা পোস্টে প্রতিহত হলেও জালের দেখা পেয়েছিলেন মরক্কান হামিদ। এই দু’জনই ইস্ট বেঙ্গলের অন্যতম ভরসা।
কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।