ভুল শুধরে কাল চার্চিল গাঁট টপকাতে মরিয়া ইস্ট বেঙ্গল
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ষষ্ঠীর বিকেলে জনসমুদ্র কলকাতা। শারদোৎসবে মাতোয়ারা তিলোত্তমা। আলো, রোশনাই, ফেস্টিভ মুড থেকে ইস্ট বেঙ্গল অবশ্য বহুদূরে। রাত পোহালেই আইএসএলে নামছে হাবাস ব্রিগেড। রবিবার বিকেলে গোয়ার ফাতোরদায় আনোয়ারদের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। আইএসএলের অভিষেকেই মুম্বইকে বশ মানিয়ে চমকে দিয়েছে আলেমাও চার্চিলের দল। মাণ্ডবী নদীর পাড়ে ইস্ট বেঙ্গলের জন্যও প্রতিরোধের ব্যারিকেড তৈরি। অভিজ্ঞ হাবাস তা বিলক্ষণ বুঝতে পারছেন। ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচের মন্তব্য, ‘প্রতিপক্ষ যথেষ্ট কঠিন। প্রতি ইঞ্চির জন্য লড়তে হবে।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘শোর্তার বিরুদ্ধে দল খারাপ খেলেনি। বরং বিক্ষিপ্ত ভুলের খেসারত দিতে হয়েছে। তা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে।’

Advertisement

আইএফএ শিল্ড ফাইনালে মোহন বাগানের কাছে পরাস্ত হয় ইস্ট বেঙ্গল। এরপর এসিএল টু’য়ের ম্যাচে আল শোর্তার কাছে হার। টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ায় বেশ চাপে গোটা দল। লাল-হলুদ রক্ষণের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইরাকের আল শোর্তা। একটু চাপেই মচমচ করেছে ডিফেন্স। জিভুলিচরা কি টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিতে পারবেন? এই প্রসঙ্গে আনোয়ারের মন্তব্য, ‘কম্বিনেশন তৈরি হতে একটু সময় লাগছে। রক্ষণে কিছুটা সমস্যা ছিল অস্বীকারের উপায় নেই। তবে দ্রুত ভুল শুধুরে নিতে চাই।’ বোঝাই যাচ্ছে, রক্ষণ নিয়ে বিব্রত গোটা শিবির। শুক্রবার রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন সারল লাল-হলুদ ব্রিগেড। তবে অফ কালার ইকোনমিডিসের গোয়া যাওয়া নিয়ে সংশয় রয়েছে।