স্কুলের উন্নতির জন্য শুরু করা দুর্গাপুজো আজ সর্বজনীন
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বপন দাস, কাকদ্বীপ: স্কুলের উন্নতির জন্য শুরু হয়েছিল দুর্গাপুজো। সাগরের কয়লাপাড়া সুরেন্দ্রনাথ দেশপ্রাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সেই পুজো এখন সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছে। আক্ষরিক অর্থেই পুজোটি বর্তমানে সর্বজনীন হয়ে উঠেছে। জানা গিয়েছে, এক সময় সাগরদ্বীপে তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল। তখন কয়লাপাড়ার এই স্কুলটি মাধ্যমিক ছিল। ১৯৭৭ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর স্কুলের প্রধান শিক্ষক সুনীলকুমার বেরা দেবী দুর্গার কাছে মানত করেছিলেন। তাঁর মানত ছিল, কয়লাপাড়া সুরেন্দ্রনাথ দেশপ্রাণ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে উন্নীত হলে, তিনি স্কুলের মাঠেই দেবী দুর্গার পুজো করবেন। তাঁর এই মানতের পরই, সেই বছর এই বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়। আর সেই বছর থেকেই বিদ্যালয়ের মাঠে শুরুও হয় দুর্গাপুজো। তা আজও মহাসমারোহে হয়ে চলেছে। বর্তমান বিদ্যালয়ের ময়দানে স্থায়ী দুর্গা মন্দির তৈরি করা হয়েছে। তবে এখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীলবাবু আর নেই। কিন্তু তাঁর শুরু করা পুজোর সঙ্গে এখন যুক্ত হয়েছেন নয়টি গ্রামের বাসিন্দারা।কয়লাপাড়া গ্রামের এক বাসিন্দা কালীপদ জানা বলেন, অতীতে এক সময় প্রধান শিক্ষকের শুরু করা এই দুর্গাপূজা সাগরদ্বীপ জুড়ে সাড়া ফেলেছিল। সেই সময় পুজোকে কেন্দ্র করে যাত্রাপালার আয়োজন করা হত। এমনকী আতশবাজি প্রদর্শনীও হত, যার অধিকাংশ টাকা প্রধান শিক্ষক নিজেই ব্যয় করতেন। তবে এখন এই পুজো গ্রামবাসীদের চাঁদায় হয়।বর্তমান পুজো কমিটির সম্পাদক প্রতাপকুমার মাইতি বলেন, এবছর এই দুর্গাপুজো সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছে। তাই বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও পূজোর আকর্ষণ বাড়ানোর জন্য স্কুলের পুকুরে রামের অকালবোধন দেখানো হবে।

Advertisement