গল: বৃষ্টির চোখরাঙানি উড়িয়ে জয়ের পথে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১-০ লিড নিতে শুভমান গিল ব্রিগেডের প্রয়োজন আরও ৬ উইকেট। চতুর্থ ইনিংসে ৩৭২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত ধুঁকছে হোমটিম। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে ধনঞ্জয় ডি’সিলভা বাহিনীর পিঠ ঠেকেছে দেওয়ালে। বৃষ্টিই একমাত্র ত্রাণকর্তা হতে পারে। কিন্তু বুধবার দিনভর বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে পঞ্চমদিনে ভারতের জয়ের দিকেই পাল্লা ভারি।
মঙ্গলবার সকালে ১৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল সফরকারী দল। যত দ্রুত সম্ভব রান তোলাই লক্ষ্য ছিল টিম ইন্ডিয়ার। যশস্বী, শুভমান, জুরেল, জাদেজারা ব্যাট হাতে ব্যর্থ হলেও ভরসা জোগালেন ঋষভ পন্থ। মূলত ৬৯ বলে ৬৬ রানের তাঁর বেপরোয়া ইনিংসই সাড়ে তিনশোর ওপারে পৌঁছে দেয় লিড। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে ১০০ ছক্কার মাইলস্টোনও স্পর্শ করেন তিনি। দেবদত্ত পাদিক্কাল আবার এই টেস্টে দু’ইনিংস মিলিয়ে দুশো পার করেন। সাবলীল দেখায় লোকেশ রাহুলকেও। শেষ পর্যন্ত ১৯৩ রানে দাঁড়ি পড়ে ভারতীয় ইনিংসে।
শ্রীলঙ্কা ইনিংসের শুরুটা ভালো হয়নি। নিশান মাদুষ্কাকে ফিরিয়ে সিরাজ প্রথম আঘাত হানেন। তারপর নতুন বলেই ধাক্কা দেন মানব সুথার। ফিল্ডিংয়ে চোট পাওয়া দীনেশ চান্দিমলের কনকাসন সাব পাসিন্দু সুরিয়াবান্দারা তাঁর প্রথম শিকার। ইগালাগামাগেও ফেরেন বাঁ-হাতি স্পিনারের বলে। এরমধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা নেন কামিন্দু মেন্ডিসের উইকেট। ক্রিজে থাকা ক্যাপ্টেন ধনঞ্জয় ও সোনাল দিনুশার সামনে এখন ম্যাচ বাঁচানোর প্রায় অসম্ভব চ্যালেঞ্জ।
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস ৪৬২, শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২৮৪। ভারত দ্বিতীয় ইনিংস— যশস্বী ক নিরোশান বো অসিথা ০, রাহুল ক পরিবর্ত (রত্নায়েকে) বো জয়সূর্য ৩৫, পাদিক্কাল এলবিডব্লু বো নুয়ান্থা ৪৪, গিল এলবিডব্লু বো জয়সূর্য ৮, পন্থ ক নিরোশান বো কুমারা ৬৬, জুরেল ক নিরোশান বো অসিথা ৭, জাদেজা ক পরিবর্ত (সুরিয়াবান্দারা) বো কুমারা ৯, সুথার ক নিরোশান বো অসিথা ৯, কুলদীপ ক ধনঞ্জয় বো জয়সূর্য ৫, সিরাজ অপরাজিত ২, প্রসিদ্ধ ক কুমারা বো অসিথা ২, অতিরিক্ত ৬, মোট (৪৮.৫ ওভারে) ১৯৩। উইকেট পতন: ১-০, ২-৬৫, ৩-৮১, ৪-১১১, ৫-১২০, ৬-১৭৪, ৭-১৭৯, ৮-১৮৮, ৯-১৯০, ১০-১৯৩। বোলিং: অসিথা ৮.৫-০-৩১-৪, নুয়ান্থা ২৩-৩-৮৬-১, জয়সূর্য ১১-০-৪৩-৩, ধনঞ্জয় ১-০-৪-০, কুমারা ৫-০-২৮-২। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস (টার্গেট ৩৭২)— মাদুষ্কা ক প্রসিদ্ধ বো সিরাজ ৬, ইগালাগামাগে ক জুরেল বো সুথার ১৬, সুরিয়াবান্দারা (কনকাসন সাব) এলবিডব্লু বো সুথার ০, কামিন্দু ক রাহুল বো প্রসিদ্ধ ২, ধনঞ্জয় ব্যাটিং ৩১, দিনুশা ব্যাটিং ২৫, অতিরিক্ত ৪, মোট (৩৪ ওভারে) ৮৪-৪। উইকেট পতন: ১-১৩, ২-১৪, ৩-২১, ৪-৪৭। বোলিং: সিরাজ ৫-১-১১-১, সুথার ১১-০-৩০-২, প্রসিদ্ধ ৮-২-১৩-১, জাদেজা ৬-০-১৬-০, কুলদীপ ৩-০-৮-০, পাদিক্কাল ১-০-৫-০।