Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেউলটিতে অবরোধ নিত্যযাত্রীদের

দেউলটিতে অবরোধ নিত্যযাত্রীদের
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: লোকাল ট্রেনের দেরিতে চলাটাই যেন নিয়ম হয়ে যাচ্ছে। এতে জেরবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনের নিত্যযাত্রীরা। এই ভোগান্তির প্রতিবাদ জানাতে মাসখানেক আগে ফুলেশ্বর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন নিত্যযাত্রীরা। যদিও তাতে কোনও কাজ হয়নি। এবার দেউলটি স্টেশনে রেল অবরোধ করলেন তাঁরা। শনিবার প্রায় আধঘণ্টা রেল অবরোধ চলে। পরে রেলপুলিস অবরোধকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার সকালেও জলেশ্বর ও হলদিয়া লোকাল দেরিতে চলছিল। অভিযোগ লোকাল ট্রেন দাঁড় করিয়ে মালগাড়ি পাস করানো হচ্ছিল। স্বভাবতই অফিস টাইমে দেউলটি স্টেশনে ভিড় বাড়ছিল। দীর্ঘক্ষণ ট্রেন না আসায়  ৯টা ২০ নাগাদ ক্ষুব্ধ যাত্রীরা লাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে ডাউন জলেশ্বর ও হলদিয়া লোকাল আটকে পড়ে। প্রায় আধঘণ্টা বিক্ষোভ চলার পর রেলপুলিস অবরোধকারীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। বিক্ষোভকারীদের অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন চলাচল অনিয়মিত। ফলে রোজ অফিস যেতে এবং অফিস থেকে ফিরতে দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। এর উপর গ্যালপিং ট্রেন দেউলটি স্টেশনে না দাঁড়ানোয় সমস্যা আরও বেড়েছে। অবিলম্বে ট্রেন চলাচল নিয়মিত করার দাবি জানান নিত্যযাত্রীরা।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ