নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম হিমালয় লাগোয়া এলাকার উপর পশ্চিমি ঝঞ্ঝার অবস্থানের জন্য দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়েছে। তার জেরে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। কলকাতায় প্রায় এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল। এদিন তা বেড়ে ১৬.২ ডিগ্রি হয়। আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির মধ্যে থাকবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। আগামীকাল বুধবার তা আবার কমে ১৫ ডিগ্রির আশপাশে নেমে আসবে। কয়েকদিন পর সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা বেড়ে কলকাতায় ১৭ ডিগ্রি হতে পারে।
তবে বড়দিনের সময় সর্বনিম্ন তাপমাত্রা কমবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন। পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। দক্ষিণবঙ্গে এদিন শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন (১১.৪ ডিগ্রি)। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া সমতল এলাকায় অবশ্য কনকনে শীত আছে। আলিপুরদুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ৯ ডিগ্রি। পশ্চিমি ঝঞ্ঝা পশ্চিম হিমালয় ও লাগোয়া এলাকা থেকে সরে যাওয়ার পর উত্তুরে হাওয়ায় শীতের মাত্রা বাড়ে। তার জেরে কনকনে শীতল উত্তুরে হাওয়া আসার জন্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমে যায়। কিন্তু এবার শীতের মরশুমে এখনও পর্যন্ত শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হচ্ছে না। তাই ঝঞ্ঝা বিদায় নেওয়ার পর তাপমাত্রা কমলেও সেটা খুব একটা উল্লেখযোগ্য নয়। আপাতত আবহাওয়াবিদরা আশা করছেন, বড়োদিনের সময় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। শীতের সাজ। বাবুঘাট চত্বরে তোলা নিজস্ব চিত্র।