নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে গোরু চুরির অভিযোগে গ্রেপ্তার দুই। গা-ঢাকা দিয়েছে আরও তিন অভিযুক্ত। ধৃতরা হল বাবলু মোল্লা এবং মোজাম গাজি। তাঁরা দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। পুলিস জানিয়েছে, গত বুধবার দত্তপুকুর নতুন রাস্তার মোড় ও ফলদি এলাকা থেকে তিনটি গোরু চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দত্তপুকুর থানার পুলিস। রবিবার গভীর রাতে নতুন রাস্তা মোড়ের কাছে একটি ৪০৭ গাড়িকে দেখে সন্দেহ হয় টহলরত পুলিসের। গাড়িটিকে দাঁড়াতে বললে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছু ধাওয়া করে পুলিস গাড়িটিকে আটক করে। গাড়িতে থাকা দু’জনকে পুলিস গ্রেপ্তার করতে পারলেও তিনজন পালিয়ে যায়। ধৃতরা গোরু চুরির কথা স্বীকার করেছে। এদিনও তাঁরা গোরু চুরির উদ্দেশ্যে দত্তপুকুরে এসেছিলেন বলে পুলিসকে জানিয়েছেন। দু’জনকে জেরা করে বাকিদের নাম জানার চেষ্টা করছে পুলিস। পাশাপাশি এর সঙ্গে কোনও পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিস।



