নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে। বড়বাজার থানা এলাকার নেতাজি সুভাষ রোডের একটি চারতলা বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। মৃতের নাম রাজেশ মাহাতো (৪৫)। স্থানীয় সূত্রের দাবি, বিহারের দ্বারভাঙার বাসিন্দা রাজেশ বড়বাজার এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় নন্দরাম মার্কেটের দারোয়ান হিসেবে কাজ করতেন। কখনও মুটে শ্রমিকের কাজও করতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজেশ হঠাৎই বারান্দা থেকে ২০ ফুট নীচে পড়ে যান। বিকট শব্দ শুনে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রাজেশকে দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠান। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় যুবককে। এরপরেই হাসপাতালে সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়বাজার থানার পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন তদন্তকারীরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পুলিস। প্রাথমিক তদন্তে তারা জেনেছে, রাজেশ সকাল থেকে গ্যাস ও অম্বলের সমস্যায় ভুগছিলেন। একাধিকবার শৌচকর্মের জন্য গিয়েছিলেন তিনি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গ্যাসের কারণে মাথা ঘুরে যাওয়ায় ভারসাম্য হারিয়ে তিনি বারান্দা থেকে নীচে পড়ে যান। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট নয়।



