নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিক্ষাই জাতির মেরুদণ্ড। হাজারো প্রতিকূলতা জয় করে সমাজের রূপরেখা বদলে দিতে পারে এক দুঃস্থ মেধাবী পড়ুয়াও। শুধু প্রয়োজন সঠিক প্রশিক্ষণের। সেই লক্ষ্যেই এবার হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার পড়ুয়াদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং অ্যাকাডেমি শুরু করতে চলেছেন বিধায়ক কল্যাণ ঘোষ। ইনস্টিটিউটের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাকাডেমি। বিধায়ক তহবিলের টাকায় তৈরি হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে এর উদ্বোধন হবে।
Advertisement
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুঃস্থ পড়ুয়াদের জন্য চালু করেছিলেন ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’। সেই বিষয়টিকে সামনে রেখেই ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য সেই বছর চালু করেছিলেন জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র। কর্মসূচির নাম রাখা হয়েছিল ‘আগামীর অভিষেক’। গত চার বছরে এই উদ্যোগ ব্যাপক সাফল্য পেয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪৫ জন আইআইটি খড়্গপুর, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির মতো সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। শুধু ইঞ্জিনিয়ারিং নয়, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেওপনার সুযোগ পেয়েছেন এখানকার ১৫ জন পড়ুয়া।



