নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের বেপরোয়া গাড়ির ধাক্কা কুলটি থানার লছিপুরে। নিষিদ্ধপল্লির অদূরে জিটি রোডে স্করপিও গাড়ির ধাক্কায় জখম বাসিন্দারা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দ্রুত গতিতে একটি গাড়ি নিষিদ্ধ পল্লি থেকে বেরিয়ে নিয়ামতপুর দিকে যাচ্ছিল। প্রথমে গাড়িটি একটি স্কুটি চালককে ধাক্কা মারে। আরও গতি বাড়িয়ে নিয়ামতপুর নিউ রোডের কাছে একটি টোটোকে পিছন থেকে ধাক্কা মারে। পুরো টোটোটি দুমড়ে মুচড়ে যায়। দুটি দুর্ঘটনায় মোট চারজন জখম হন। পুলিস অভিযুক্ত মদ্যপ গাড়ি চালককে আটক করে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই গাড়িটি নিষিদ্ধপল্লির একজন দোকানদারের। এর আগেও একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিস তৎপরতায় তা নিয়ন্ত্রণে এসেছিল। ডিসি সন্দীপ কাররা বলেন, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। আসানসোল থেকে কুলটি হয়ে বরাকর পর্যন্ত জিটি রোড যথেষ্ট ব্যস্ত রাস্তা। অভিযোগ লছিপুরে নিষিদ্ধপল্লি ও সীতারামপুরে বাঈজিপট্টি থাকায় এলাকায় নেশাড়ুদের উৎপাত রয়েছে। একটা সময় খদ্দের ধরতে নিষিদ্ধপল্লির দালালরা জিটি রোডের উপর দাপিয়ে বেড়াত। সেজন্য একাধিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন। পরে পুলিসের উদ্যোগে একাধিক বাম্পার তৈরি কারে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। মঙ্গলবার রাতে আবার একই ধরনের ঘটনা ঘটে। মদ্যপ গাড়ি চালকের জন্য চার জন জখম হলেন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা বাচ্চু রায় বলেন, চালক ও গাড়ির মালিক দু’জনেই নিষিদ্ধপল্লিতে থাকে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। জখমরা আমাদের দলের সমর্থক। পুলিস কড়া পদক্ষেপ নিক।-নিজস্ব চিত্র



