Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজস্থানে মদ্যপ কংগ্রেস নেতার বেপরোয়া ড্রাইভিং, গাড়িতে চাপা পড়ে মৃত ৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছেন চালক। ব্যস্ত রাস্তায় তাঁর এসইউভি ছুটছিল বেপরোয়া গাতিতে। তার জেরে রাজস্থানের জয়পুরে হিট অ্যান্ড রানের বলি হলেন তিনজন পথচারী।

রাজস্থানে মদ্যপ কংগ্রেস নেতার বেপরোয়া ড্রাইভিং, গাড়িতে চাপা পড়ে মৃত ৩
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছেন চালক। ব্যস্ত রাস্তায় তাঁর এসইউভি ছুটছিল বেপরোয়া গাতিতে। তার জেরে রাজস্থানের জয়পুরে হিট অ্যান্ড রানের বলি হলেন তিনজন পথচারী। আহত আরও ছ’জন। অভিযুক্ত গাড়ির চালক উসমান খান। তিনি জয়পুর জেলা কংগ্রেসের সহ সভাপতি। ঘটনার পর তাঁকে দল থেকে সাসপেন্ড করেছে কংগ্রেস। এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। গাড়ি চাপা দিয়ে তিনজনের মৃত্যুতে অভিযুক্ত কংগ্রেস নেতার বিরুদ্ধে বুলডোজার দাওয়াই চেয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। পাশাপাশি উসমানের মৃত্যুদণ্ডের চেয়ে সরব হয়েছেন তিনি। বিধায়ক বলেন, আমরা অভিযুক্ত কংগ্রেস নেতার ফাঁসি চাই। এই ঘটনায় অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালানো উচিত। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার উপর আমাদের আস্থা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। 

Advertisement

জয়পুরের নাহারগড়ের এম আই রোড অত্যন্ত ঘিঞ্জি। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, উসমান একটি লোহার কারখানার মালিক। সোমবার রাত ৯টা নাগাদ তিনি মদ্যপ অবস্থায় ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, পথচারী, যানবাহন এবং জিনিসপত্রের সঙ্গে ধাক্কা খেতে খেতে ছুটে চলেছে গাড়িটি। প্রথমে গাড়িটি একটি মন্দিরের সামনে এক স্কুটার আরোহীকে ধাক্কা মারে। এরপর ফুটপাথে একাধিক ব্যক্তিকে পিষে দেয়। নাহারগড় থানার বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকেও ধাক্কা মারে। পরে একটি সরু গলিতে ঢুকে আটকে যায় গাড়িটি। পুলিস ঘটনাস্থল থেকে উসমানকে গ্রেপ্তার করে। ঘটনার প্রতিবাদে বাসিন্দারা নাহারগড় থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, সরকারি চাকরির দাবি জানান। জয়পুরের অতিরিক্ত ডিসিপি (উত্তর) বজরং সিং শেখাওয়াত বলেন, ঘটনার সময় পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিলেন উসমান। ডাক্তারি পরীক্ষায় তা নিশ্চিত হওয়া গিয়েছে। এদিকে দুর্ঘটনার পর আহতদের দ্রুত সোয়াই মান সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা চলাকালীন এক মহিলা ও দু’জন পুরুষের মৃত্যু হয়। আহতদের মধ্যে দু’জন আশঙ্কাজনক। হাসপাতালের ট্রমা ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছে। ধৃত কংগ্রেস নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ