Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীয়া থেকে মাদক পাচার কলকাতায়, ধৃতের ১০ বছর কারাদণ্ড

২০২০ সালে নদীয়া থেকে কলকাতায় প্রায় সাড়ে ৪ কোটি টাকার হেরোইন পাচার করতে এসে এসটিএফের জালে ধরা পড়েছিল এক মাদক পাচারকারী।

নদীয়া থেকে মাদক পাচার কলকাতায়, ধৃতের ১০ বছর কারাদণ্ড
  • ৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০ সালে নদীয়া থেকে কলকাতায় প্রায় সাড়ে ৪ কোটি টাকার হেরোইন পাচার করতে এসে এসটিএফের জালে ধরা পড়েছিল এক মাদক পাচারকারী। তার নাম হাসিবুর রহমান। সেই মামলায় দোষী সাব্যস্ত হাসিবুরকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রার (বিচারভবন) বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা এই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, আনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। 

Advertisement

কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু এবং মামলার বিশেষ সরকারি আইনজীবী জয়ন্ত চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। তাঁরা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ২০২০ সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা ই এম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালের কাছ থেকে বছর ৪৮‑এর ওই মাদক পাচারকারীকে পাকড়াও করেন। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল টাকার মাদক। পুলিশি জেরায় সে জানায়, ওই মাদক একটি অপরাধ চক্রের লোকজনের মাধ্যমে তার হাতে আসে। তা সে কলকাতায় পাচার করতে আসছিল। এই ঘটনায় পুলিশ ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করা হয়। মামলায় সাক্ষ্য দেন ছয়জন। জেল হেপাজতে রেখেই চলে ধৃতের বিচার। দীর্ঘ শুনানিপর্ব চলার পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে এদিন সাজা ঘোষণা করে। যদিও ধৃতের কৌঁসুলি বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ