Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’ভাইয়ের বিবাদ থামাতে গিয়ে বারাসতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

দু’ভাইয়ের বিবাদ থামাতে গিয়ে বারাসতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার ছিল ভাইফোঁটা। রাতে ছিল কালী প্রতিমার ভাসান। সেই উপলক্ষ্যে চলছিল নাচানাচি। তখনই দু’ভাইয়ের বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হন পড়শি যুবক। বুকে ও পেটে লাথি মারা হয় তাঁর। গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় মঙ্গলবার রাতে মৃত্যু হয় প্রতিবেশী যুবকের। ঘটনাটি বারাসত থানার ডাকবাংলো মোড় সংলগ্ন তাঁতিপাড়ার। মৃত যুবকের নাম শঙ্কর সর্দার (৩৩)। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিবম পাত্রকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিস। 
Advertisement
জানা গিয়েছে, বারাসত ডাকবাংলো মোড় সংলগ্ন তাঁতিপাড়ায় বাড়ি শঙ্করের। রবিবার রাতে পাড়ার কালীপুজো উপলক্ষ্যে স্থানীয়রা নাচগান করছিলেন। নাচের মধ্যেই শিবম পাত্র ও তার ভাইয়ের মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়। প্রথমে স্থানীয়রা তেমন গুরুত্ব দেননি। কিন্তু গণ্ডগোল ঠেকাতে যান শঙ্কর। অভিযোগ, শিবম শঙ্করকে ঠেলে ফেলে দেয়। মাটিতে পড়ে গেলে তাঁকে আবারও মারধর করা হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম-এ স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে সেখানেই মৃত্যু হয় শঙ্করের। আর এই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। শিবমের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিস তাকে গ্রেপ্তার করেছে। মৃতের মা মেঘলা সর্দার বলেন, দু’ভাইয়ের ঝামেলা মেটাতে গিয়ে আমার ছেলের প্রাণটা চলে গেল। আমি ওর শাস্তি চাই। পড়শি মমতা তাঁতি বলছেন, ওই দিন আমরা সকলে মিলে পুজোয় নাচানাচি করছিলাম। সেই সময় দু’ভাইয়ের ঝামেলা ঠেকাতে গিয়ে প্রাণ গেল শঙ্করের। শঙ্করকে মারছে তাতে বাধা দিতে এলে আমাকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছিল শিবম। এদিকে, বারাসত থানার পুলিস জানিয়েছে, দুই প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিবম পাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ