Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: খেলায় মগ্ন প্রায় দু’বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল নাবালক প্রতিবেশীর বিরুদ্ধে। গত শনিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ ব্লকের একটি গ্রামে। শিশুকন্যার পরিবার রবিবার মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর নাবালককে আটক করা হয়েছে।
Advertisement
রবিবার বিকেলে ওই শিশুটির পরিবার থানা থেকে বাড়ি আসার পর অভিযুক্তের পরিবারের কয়েকজনের সঙ্গে বচসা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি আর অন্যদিকে মোড় নেয়নি। শিশুটির পরিবার ও বাসিন্দারা নায্য বিচারের দাবিতে সরব হয়েছেন।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুর বাবা পরিযায়ী শ্রমিক। সংসার চালাতে মা বিঁড়ি বাঁধেন। অভিযোগ, সকালে শিশুটি বাড়ির সামনে একাই খেলাধুলো করছিল। তার মা ঘরে রান্না করছিলেন। খাওয়ানোর জন্য বাইরে এসে মা দেখেন তাঁর মেয়ে নেই। আশেপাশের বাড়িতেও হদিশ পাওয়া যায়নি তার। নাবালিকার পরিবারের দাবি, ঘণ্টাখানেক পর প্রতিবেশী এক নাবালক ওই শিশুকন্যাকে কোলে করে নিয়ে এসে মায়ের কোলে দিয়ে চম্পট দেয়। তখন লক্ষ্য করা যায় শিশুকন্যার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিত্সক জানান, শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। তার মা বলেন, অভিযুক্তের পরিবার নানা কথা বলে বিষয়টি ঢাকার চেষ্টা করছে। আমরা নায্য বিচার চাই। শিশুকন্যার বাবার কথায়, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের পরিবার আমার মেয়ের দাদুর বাড়ির সামনে এসে ঝগড়া করেছে। সঠিক বিচারের দাবি করছি। যদিও অভিযুক্তের পরিবারের দাবি, ওই নাবালক মানসিকভাবে খারাপ অবস্থায় রয়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ হয়েছে। নাবালককে আটক করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ