Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’বছরেই গঙ্গায় তলিয়ে যেতে বসেছে শিশু উদ্যান

দু’বছরেই গঙ্গায় তলিয়ে যেতে বসেছে শিশু উদ্যান
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০২২ সালের জুন মাসে শিশুদের খেলার জন্য মণিরামপুরে গঙ্গার ধারে অত্যন্ত মনোরম পরিবেশে একটি পার্ক চালু করা হয়েছিল। কিন্তু মাত্র দুই বছরের মধ্যে সেই পার্কের গার্ডওয়াল গঙ্গায় তলিয়ে গিয়েছে। পার্কের কিছু গাছও জলে ডুবে গিয়েছে। এখন গোটা পার্কই বিপজ্জনক অবস্থায়। কোনওরকমে টিন দিয়ে ঘিরে শিশুদের খেলার ব্যবস্থা করা হয়েছে। প্রতি মুহূর্তে নজরদারিতে থাকছেন নিরাপত্তারক্ষীরা। তবুও শিশুদের অভিভাবকরা এই পার্ক নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন। মণিরামপুরে গঙ্গার ধারে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত এই পার্ক শিশুদের অত্যন্ত পছন্দের। ২০২২ সালের পুরভোটের পর এই শিশু উদ্যানটি সুন্দর করে সাজিয়ে তোলে উত্তর বারাকপুর পুরসভা। এজন্য কুড়ি লক্ষ টাকা খরচও হয়। কিন্তু এই বছর গঙ্গার জলে মূল প্রাচীর ধসে পড়ে গিয়েছে। একটি ঘাটও ভেঙে গিয়েছে। এখন বিপজ্জনক অবস্থায় সুন্দর করে তৈরি করা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ শিশু উদ্যান। 
Advertisement
ওই পার্কে খেলতে আসা এক শিশুর অভিভাবক সুমন বন্দ্যোপাধ্যায় বলেন, এত সুন্দর পার্কটা হয়েছে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই গঙ্গার গর্ভে চলে যেতে বসেছে। অবিলম্বে সরকারি উদ্যোগে কোনও ব্যবস্থা না নিলে এই পার্কটির আর অস্তিত্বই থাকবে না। কিছুদিনের মধ্যেই গঙ্গার গর্ভে তলিয়ে যাবে সুন্দর পার্কটি।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলার আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ২০২২ সালে জেতার পরে মাস তিনেকের মধ্যে এই পার্কটি সুন্দর করে সাজানো হয়। এবছর পরপর বান এবং জোয়ারের ঢেউয়ে গঙ্গার পাড় ভেঙে যাচ্ছে। পুরসভার পক্ষ থেকে পাঁচিল তৈরি করা হয়েছিল। সেটি ভেঙে গিয়েছে। একটি ঘাটও ভেঙে পড়ছে। ইতিমধ্যে সেচদপ্তরকে চিঠি লিখেছি। কেন্দ্রীয় পোর্ট ট্রাস্টকেও বলেছি। আগামী বর্ষার আগে ব্যবস্থা না নিলে এই পার্কটির আর অস্তিত্বই থাকবে না।
সম্পর্কিত সংবাদ