Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্নীতির অভিযোগ, গয়েশপুরে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিলেন ১১ কাউন্সিলার

দুর্নীতির অভিযোগ, গয়েশপুরে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিলেন ১১ কাউন্সিলার
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: দীর্ঘদিন ডামাডোল চলার পর গয়েশপুর পুরসভার ১১ জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাব আনলেন পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁদের দাবি, সার্বিকভাবে ব্যর্থ পুরপ্রধান। আর্থিক দুর্নীতি হচ্ছে সেখানে। চার মাস ধরে পুরসভার বোর্ড মিটিং হয় না। বোর্ডকে অন্ধকারে রেখে কোটি কোটি টাকার কাজ হচ্ছে। সেই কারণে পশ্চিমবঙ্গ পুর আইনের ১৮(৩) ধারায় পুরপ্রধানকে অপসারণের দাবি জানিয়ে মহকুমা শাসককে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ১১ জন কাউন্সিলার। দীর্ঘদিন ধরেই ওই কাউন্সিলারদের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব রয়েছে। কাউন্সিলাররা আগেও বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। এছাড়া বছর খানেক আগে ভাইস চেয়ারম্যান কৌশিক ঘোষ পদত্যাগ করার পর সেই পদও খালি রয়েছে। এবার সরাসরি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয় নিয়ে শোরগোল তৈরি হয়েছে গয়েশপুর শহরে। 
Advertisement
তৃণমূল পরিচালিত গয়েশপুর পুরসভার মোট ১৮টি ওয়ার্ড রয়েছে। যার সবকটি ওয়ার্ডই তৃণমূলের দখলে। সেই ১৮ জন কাউন্সিলারের মধ্যে ১১ জন কাউন্সিলার এদিন অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, অনাস্থা প্রস্তাব আনার ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে মিটিং ডাকতে হয়। তিনি না ডাকলে সেই মিটিং ভাইস চেয়ারম্যান ডাকবেন পরের সাত দিনের মধ্যে। সেটাও না হলে তিনজন কাউন্সিলার মিলে মিটিং ডাকবেন। তারপরে বিষয়টি নিয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এখন দেখার গয়েশপুরের ক্ষেত্রে কি হয়।  এই বিষয়ে বিক্ষুব্ধ কাউন্সিলার মানিক পাল বলেন, পুরসভায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানো হল। অনাস্থার বিষয়ে দল নির্দেশ দিলে পরবর্তী পদক্ষেপ করা হবে। অন্যদিকে, চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায় বলেন, যাঁরা এইসব করছেন তাঁদের বেশিরভাগ গত নির্বাচনে নিজের বুথে হেরেছেন। দলকে বিষয়টা জানাব। কাউন্সিলাররা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন। আমাকে দল ইস্তফা দিতে বললে, ইস্তফা দেব। নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যথাসময়ে সকলকে জানানো হবে। যদিও মহকুমা শাসক অভিজিৎ সামন্ত কিছু বলতে চাননি।
সম্পর্কিত সংবাদ