নয়াদিল্লি: গাড়িচালকের উপর রাগারাগি করেছিলেন রুচিকা সেওয়ানি। তার জেরেই মালকিন ও তাঁর ছেলেকে গলা কেটে খুন করল সে। বুধবার দিল্লির লাজপত নগরের এই ভয়াবহ হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত গাড়িচালক মুকেশকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিস।

প্রতিদিনের মতোই বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ লাজপতনগরের বাড়িতে ফিরেছিলেন কুলদীপ সেওয়ানি। লাজপতনগর মার্কেটে একটি পোশাকের দোকান রয়েছে তাঁদের। বাড়ি এসে কুলদীপ দেখেন দরজা বন্ধ। দীর্ঘক্ষণ স্ত্রী ও ছেলের নাম ধরে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া পাননি। গেট ও সিঁড়ির কাছে রক্তের দাগ দেখতে পান কুলদীপ। তড়িঘড়ি খবর দেন পুলিসে। পুলিস এসে দরজা ভেঙে মেঝেতে রুচিকার (৪২) রক্তাক্ত দেহ উদ্ধার করে। রক্তে ভেসে যাচ্ছিল গোটা ঘর। বাথরুমের ভিতর থেকে উদ্ধার হয় রুচিকা-কুলদীপের ছেলে কৃশের (১৪) রক্তাক্ত দেহ। ঘটনার পর থেকেই ফেরার ছিল সেওয়ানি পরিবারের গাড়িচালক মুকেশ। তাকে গ্রেপ্তার করে পুলিস। জেরায় সে স্বীকার করেছে, রুচিকার ভর্ৎসনা তার পছন্দ হয়নি। তাই রাগে তাঁদের গলা কেটে হত্যা করেছে সে। সত্যিই কি বচসার জেরে খুন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তদন্ত করছে পুলিস। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সংগ্রহ করা হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজও।