সংবাদদাতা, আরামবাগ: প্রয়োজন থাকলেও আরামবাগ ব্লকের পূর্ব কেশবপুর গ্রামে কোনো পিএইচই প্রকল্পের পাম্প না বসানোয় পানীয় জল নিয়ে সমস্যায় রয়েছেন গ্রামের মানুষজন। এ নিয়ে তাঁরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, তৃণমূলের আমল থেকে বিষয়টি নিয়ে অনেকবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আবেদন নিবেদন করে সরকারি দপ্তরে লিখিতভাবে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই তাঁরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
এই বিষয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছি। তৃণমূলের আমলে তেমন কিছুই উন্নয়ন হয়নি। আমরা বিষয়টির গুরুত্ব বুঝে নিশ্চয়ই ব্যবস্থা নেব।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগ ব্লকের মলয়পুর ২ গ্রামপঞ্চায়েতের পূর্ব কেশবপুর, হরিণাখালি সহ কয়েকটি গ্রামে ভুগর্ভস্থ জলের স্তর অন্যান্য জায়গা থেকে অনেকটায় নিচে রয়েছে। ফলে টিউবওয়েল গভীরে বসানোর জন্য গ্রামবাসীদের অনেক টাকা খরচ করতে হয়। পঞ্চায়েতের তরফ থেকে যে সমস্ত টিউবওয়েল বসানো হয়েছে তাও বহু বছরের পুরানো। মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে। এরফলে গ্রামবাসীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই গ্রামবাসীদের মধ্যে যাদের আর্থিক অবস্থা ভালো তাঁরা বাড়িতে সাবমার্সিবল পাম্প বসিয়ে পানীয় জলের সমস্যা মেটাতে বাধ্য হয়েছেন। আর যাঁদের ব্যক্তিগত পাম্প বসানোর অর্থ নেই তাঁদের নিত্যদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বাড়ি থেকে হেটে কলসি বা বালতি নিয়ে দূরে পঞ্চায়েতের বসানো টিউবওয়েল থেকে লাইন দিয়ে জল আনতে বাধ্য হতে হচ্ছে।
গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করে আসছেন। কিন্তু শুধুই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাই তাঁরা এই বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের পূর্ব কেশবপুর মৌজাটি অনেকটাই বড় এলাকা জুড়ে অবস্থিত। এই মৌজার মধ্যে ৬ টি বুথ রয়েছে। এলাকায় প্রায় ১৫০০০ মানুষ বসবাস করেন। দীর্ঘদিন ধরে আমরা পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছানোর দাবি করে এসেছি। আমাদের এই দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের দাবি মেনে আমাদের গ্রামে পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছানো হলে আমরা খুবই উপকৃত হব।
পাশাপাশি এই এলাকায় কেশবপুর হাইস্কুল, কেশবপুর কৃষ্ণপুর জুনিয়ার হাইস্কুল, কেশবপুর জুনিয়র মাদ্রাসা,প্রাইমারি স্কুল, শিশুশিক্ষা কেন্দ্র, গ্রামীণ ব্যাঙ্ক এবং আইসিডিএস সেন্টার রয়েছে। পিএইচ ই প্রকল্পে জল সরবরাহ করা হলে স্কুলের ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে সকলেই উপকৃত হবেন।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা আরও বলেন, আরামবাগের সব জায়গাতেই পিএইচই প্রকল্পের পাম্প বসিয়ে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করা হচ্ছে। আমাদের এখানে এখনও কিছুই হয়নি। যার ফলে আমাদের দূর থেকে পঞ্চায়েতের কল থেকে জল নিয়ে বাড়িতে আসতে হচ্ছে। আমরা তৃণমূল সরকারের আমল থেকে দাবি জানিয়ে আসছি। তখনও আমাদের কথা শোনা হয়নি। এখন সরকার পরিবর্তন হয়েছে। আমরা বিজেপি সরকারের কাছে আমাদের গ্রামেতেও পিএইচই’র পাম্প বসানোর দাবি জানাচ্ছি।