চণ্ডীগড়: ১৫ দিনের মধ্যে প্রাণ গিয়েছে ১২ জনের। অভিযোগ, দূষিত পানীয় জল থেকে সংক্রমণের জেরেই মৃত্যু। ফের সেই বিজেপি শাসিত রাজ্য। মধ্যপ্রদেশের ইন্দোরের পর এবার ‘ডাবল ইঞ্জিন’ হরিয়ানার পালওয়াল জেলার এক গ্রামেও ছড়িয়েছে পানীয় জল আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্যের স্বাস্থ্যবিভাগ।
জানা গিয়েছে, ফেব্রুয়ারির শুরুতে হরিয়ানার ছায়ানসা গ্রামে কয়েকজন অসুস্থ হন। মৃত্যু হয় তিনজনের। এর ১৫ দিনের মধ্যে গ্রামের আরও ১২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দূষিত পানীয় জলের কারণেই এই মৃত্যুমিছিল। মৃতদের মধ্যে পাঁচ শিশু। অধিকাংশেরই জ্বর, বমি, পেটব্যথা ও জন্ডিসের মতো উপসর্গ দেখা গিয়েছিল। এখনও অনেকে অসুস্থ। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্তে যকৃতে সংক্রমণের ইঙ্গিত মিলেছে। তবে চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। সেখানে জীবাণু ও পর্যাপ্ত বিশুদ্ধতার অভাবের প্রমাণ মিলেছে। অনেক বাড়ির ভূগর্ভস্থ জলাধার দীর্ঘদিন পরিষ্কার না করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, জীবাণুনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা শিবির। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।